কেরোসিন মিশিয়ে পেট্রল বিক্রি
লক্ষ্মীপুর ও চাঁদপুরে পেট্রলের সঙ্গে কেরোসিন মিশিয়ে পেট্রল হিসেবে বিক্রি করা হচ্ছে। এতে লিটারে প্রায় ৩০ টাকা প্রতারিত হচ্ছেন ক্রেতারা। এক লিটার পেট্রলের বাজারদর ৯১ টাকা আর প্রতি লিটার কেরোসিনের দাম ৬১ টাকা। ভেজাল পেট্রল ব্যবহারে যানবাহনের ইঞ্জিনেও সমস্যা হচ্ছে।রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন প্রতিষ্ঠান যমুনা, মেঘনা ও পদ্মা অয়েল কোম্পানির চাঁদপুর ডিপো সূত্রে জানা যায়, এখান থেকে মে মাসে পাঁচ লাখ লিটার পেট্রল, দেড় লাখ লিটার অকটেন, ২০ লাখ লিটার কেরোসিন ও ২০ লাখ লিটার ডিজেল বিক্রি হয়। প্রতিদিন প্রায় ৭০-৭৫টি ট্যাংক লরি তেল নিয়ে যায়। লক্ষ্মীপুর ও চাঁদপুরে প্রায় ২৫টি পাম্প এবং ৩০ জন পরিবেশক রয়েছেন। খুচরা বিক্রেতা আছেন আরও দুই শতাধিক।খোঁজ নিয়ে জানা গেছে, দুভাবে পেট্রলে ভেজাল দেওয়া হয়। একটি হয় ডিপো থেকে ট্যাংক লরি পাম্পের মালিকদের কাছে পৌঁছানোর পথে, অপরটি হয় পাম্প স্টেশনে। ডিপো থেকে পাম্পে নেওয়ার পথে লরির চালকেরা পথে নানাভাবে তা বেচে দেন। পরে সেটা পূরণ করতে এমটিটি নামের সাদা গুঁড়ো মেশানো সমপরিমাণ কেরোসিন (এমটিটি মেশালে নীল রঙয়ের কেরোসিন স্বচ্ছ আকার ধারণ করে)ট্যাংক লরিতে ঢালা হয়। সেই ভেজাল পেট্রলই পাম্প স্টেশনে সরবরাহ করেন লরির চালকেরা। চাঁদপুরের ঘোষের হাট, বাগড়া বাজার, চৌরাস্তা, ফরিদগঞ্জের ধানুয়া, গৃধকালিন্দিয়া ও লক্ষ্মীপুরের রায়পুরের বোর্ডার বাজারসহ ২০-২৫টি স্থানে দীর্ঘদিন ধরে এ ব্যবসা চলছে।গত ১০ জুন বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, চাঁদপুর ডিপো থেকে তেল নিয়ে আসার পথে একটি ট্যাংক লরি বাগড়া বাজারে একটি দোকানের সামনে দাঁড়ায়। সেখানে লরি থেকে এক ড্রাম (২০০ লিটার) পেট্রল নামানো হয়। পরে ওই পরিমাণ কেরোসিন আবার লরির ট্যাংকিতে ঢালা হয়। পাঁচ-সাত মিনিটের মধ্যে পুরো কাজ শেষ হয়।বাগড়া বাজারের মেসার্স রহমান ট্রেডার্সের মালিক আবদুর রহমান নিজেকে যমুনার ডিলার দাবি করে বলেন, ‘ট্যাংক লরির চালকেরা বাগড়ার ব্যবসায়ীদের কাছে ২০-৩০ লিটার করে তেল বিক্রি করেন। আমরা এ তেল দুই টাকা কম দামে কিনে নিই। ঘোষের হাটের এক ব্যবসায়ী কেরোসিনের নীল রং কেটে পেট্রলে মিশিয়ে ভেজাল করেন। তবে আমরা এটা করি না।’কয়েকজন ট্যাংক লরির চালক জানান, লরিতে সাধারণত দুটি প্রকোষ্ঠ (চেম্বার) থাকে। দুই প্রকোষ্ঠে জ্বালানি ধারণক্ষমতা প্রায় নয় হাজার লিটার। পাম্পের মালিকেরা ডিপো থেকে অনেক সময় এক প্রকোষ্ঠে সাড়ে চার হাজার লিটার পেট্রল ও অন্যটিতে সমপরিমাণ কেরোসিন নেন। পাম্পে আনার পর লরি থেকে সাড়ে তিন হাজার লিটার কেরোসিন নামানো হয়। বাকি এক হাজার লিটার কেরোসিনের সঙ্গে একধরনের গুঁড়ো মেশানো হয়। এতে নীল কেরোসিনের রং কেটে যায়। পরে সেই কেরোসিন পাম্প স্টেশনে মাটির নিচে রাখা পেট্রলের ট্যাংকে ঢেলে দেওয়া হয়।রায়পুরের হাজি আকবার আলী পেট্রল পাম্পের ব্যবস্থাপক নিতাই কর্মকার বলেন, ‘জ্বালানি তেলে ভেজাল হচ্ছে সত্য। কিন্তু আমাদের পাম্পে কোনোরকম ভেজাল করা হয় না।’ আট বছর জ্বালানি তেলের ব্যবসার পর এখন অন্য পেশা বেছে নিয়েছেন ফরিদগঞ্জের মোবারক হোসেন। তিনি জানান, কিছু দালাল এলাকায় এসে এমটিটি নামে একধরনের গুঁড়া বিক্রি করে। প্রতি কেজি এমটিটি গুঁড়ার দাম ২০০-২৫০ টাকা। ২৫০ গ্রাম গুঁড়া ২০০ লিটারের এক ড্রাম কেরোসিনের সঙ্গে মেশানো হয়। এতে কয়েক মিনিটের মধ্যে নীল রঙের কেরোসিন স্বচ্ছ হয়ে যায়।রায়পুর মোল্লারহাট উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আবদুল লতিফ বলেন, ‘ফোর স্ট্রোক মোটরসাইকেল থেকে সাধারণত কালো ধোঁয়া বের হয় না। কিন্তু রায়পুর থেকে পেট্রল নিলে তা থেকেও কালো ধোঁয়া বের হয়।’ রায়পুরের ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, গত মাসে নতুন একটি মোটরসাইকেল কেনার পর ঢাকা থেকে তেল নিয়ে ভালোভাবে চালিয়ে এসেছেন। একদিন পর রায়পুর থেকে পেট্রল নিয়ে এক কিলোমিটার চালানোর পর হঠাৎ মোটরসাইকেলটি বিকল হয়ে যায়। পরে জানা যায়, ভেজাল তেলের কারণে প্লাগ নষ্ট হয়ে গেছে।লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান বলেন, ‘পেট্রলে এভাবে ভেজাল করার বিষয়টি জানা নেই। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ চাঁদপুরের পুলিশ সুপার মুহমঞ্চদ শহীদুল্যাহ চৌধুরী বলেন, জ্বালানি তেলের ভেজাল সম্পর্কে কোনো অভিযোগ পাওয় যায়নি। ভেজাল করলে পুলিশ প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আলম পলাশ, চাঁদপুর; এম জে আলম, লক্ষ্মীপুর এবং এম কে মানিক পাঠান, ফরিদগঞ্জ (চাঁদপুর)]