কেল্লার দেয়াল রক্ষায় লোহার বেড়া

লেগুনার ধাক্কা থেকে লালবাগ কেল্লার দক্ষিণ-পশ্চিম পাশের দেয়াল রক্ষা করতে লোহার বেড়া (গ্রিল) দিচ্ছে কর্তৃপক্ষ। কেল্লার দেয়ালসংলগ্ন স্ট্যান্ডে লেগুনার ধাক্কায় প্রতিনিয়ত এই ঐতিহাসিক স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল৷
গত বুধবার প্রথম আলোতে ‘লেগুনার ধাক্কায় ক্ষতিগ্রস্ত লালবাগ কেল্লার দেয়াল’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এরপর দেয়ালটি রক্ষার জন্য এর সামনে নতুন করে লোহার বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৫ নম্বর ওয়ার্ডের।
লালবাগ কেল্লার তত্ত্বাবধানকারী সুলতানা জাকিয়া বেদৌরা প্রথম আলোকে বলেন, কেল্লার ঐতিহ্য রক্ষায় গত বছর লেগুনাস্ট্যান্ড এলাকায় দেয়ালসংলগ্ন লোহার বেড়া দেওয়া হয়েছিল। কিন্তু লেগুনা ও অন্যান্য যানের ধাক্কায় তা ভেঙে গেছে। কেল্লার দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই নতুন করে আবার লোহার বেড়া দেওয়া হচ্ছে। তিনি বলেন, লেগুনার ধাক্কায় আবার বেড়া ও কেল্লার দেয়াল ক্ষতিগ্রস্ত হলে এর দায় চালক বা মালিকদের নিতে হবে। সংশ্লিষ্ট থানার পুলিশকে স্ট্যান্ডের সীমানা নির্ধারণ করতে জানানো হবে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, কাজী রিয়াজ উদ্দিন সড়কে লালবাগ কেল্লার দেয়াল ঘেঁষে নতুন করে প্রায় ৮০ ফুট লোহার বেড়া দিচ্ছেন কয়েকজন শ্রমিক। আগের লোহার বেড়ার ভাঙা অংশও মেরামত করা হচ্ছে। দেয়ালসংলগ্ন সড়কে এখনো আছে অটোরিকশার স্ট্যান্ড৷ তবে লেগুনা দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি৷ লেগুনাগুলোর ধাক্কায় দেয়ালের কয়েকটি স্থানে পলেস্তারা খসে গর্তের সৃষ্টি হয়েছিল।
ডিএসসিসি ও লালবাগ কেল্লা কর্তৃপক্ষ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই সড়কে কেল্লার দেয়াল ঘেঁষে ছিল ডিএসসিসির পৃথক দুটি ডাস্টবিন। দুই বছর আগে কেল্লার পরিবেশ সুন্দর রাখতে ডাস্টবিনটি উচ্ছেদ করে কেল্লা কর্তৃপক্ষ। সেই জায়গায় তখন লেগুনা রাখা শুরু হয়। এরপর গড়ে ওঠে লেগুনা ও অটোরিকশার স্ট্যান্ড।
ডিএসসিসির ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, ‘প্রথম আলোতে নিউজ ছাপানোর পর এখানে আর সড়কে লেগুনা রাখতে দেওয়া হচ্ছে না। গুলিস্তান থেকে আসা লেগুনাগুলো যাত্রী নামিয়ে অপেক্ষমাণ যাত্রীদের নিয়ে চলে যায়। কিছুদিনের মধ্যেই লেগুনা ও অটোরিকশার স্ট্যান্ড বেড়িবাঁধ সড়ক এলাকায় সরিয়ে নেওয়া হবে।’