কেল্লার ভেতর খননে মিলল কলস

মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইদ্রাকপুর কেল্লার ভেতরে শত শত মাটির তৈরি কলসের সন্ধান পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার শ্রমিকেরা ফ্লোর (ভিটা) খনন করতে গিয়ে এসব কলস পান। তবে এসব কলস কোন সময়ের তা কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মাহবুব উল আলম কেল্লা পরিদর্শন করে জানান, কলসগুলো ব্রিটিশ আমলের হতে পারে। কারণ, তৎকালীন মহকুমা প্রশাসকেরা ইদ্রাকপুর কেল্লাকে ডাকবাংলো হিসেবে ব্যবহার করতেন। ডাকবাংলোর ভেতরে যাতে ঠান্ডা থাকে, সে জন্য ফ্লোরের নিচে মাটির কলস সারিবদ্ধ করে রাখা হতে পারে।
তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ফ্লোরের নিচে মাটির
কলস রেখে কক্ষ ঠান্ডা রাখার বিষয়ে আমার জানা নেই। বিষয়টি নিয়ে এত সহজে মন্তব্য করা ঠিক হবে না। এটি গবেষণার দাবি রাখে।’
কলসগুলো কোন সময়ের তা নিশ্চিত হতে না পারলেও ইদ্রাকপুর কেল্লাটি যে মীর জুমলার আমলের অর্থাৎ প্রায় ৪০০ বছরের পুরোনো তা গবেষণা ও ইতিহাসের বিভিন্ন বই থেকে নিশ্চিত হওয়া গেছে। জলদস্যুদের কবল থেকে ঢাকাকে রক্ষার জন্য ইশা খাঁর সময়ে ইদ্রাকপুর কেল্লাটি নির্মাণ করা হয়। ১৯০৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কেল্লাটি সংরক্ষণ করে।
গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, ইদ্রাকপুর কেল্লার যে স্থানে মহকুমা প্রশাসকদের জন্য ডাকবাংলো নির্মাণ করা হয়েছিল, সেখানে ফ্লোরটি কিছু অংশ খনন করার পরই কলসগুলোর সন্ধান মেলে। খবর পেয়ে তা দেখতে অনেকেই ভিড় জমিয়েছেন সেখানে।
ইদ্রাকপুর কেল্লার পরিচর্যার দায়িত্বে নিয়োজিত সোহেল আরমান জানান, গতকাল দুপুরের দিকে ফ্লোর খনন শুরু হয়। কিছু অংশ খনন করার পরই কলসগুলো বেরিয়ে আসে। বিষয়টি তাৎক্ষণিক ঢাকায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের জানানো হয়েছে।
বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালকসহ কয়েকজন। তাঁরা পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত খননকাজ বন্ধ রাখার ঘোষণা দেন।
জানতে চাইলে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান জানান, কলসগুলো গবেষকদের কাছে পাঠানো হবে। তারপর জানা যাবে, এগুলো কোন সময়ের এবং কেনই-বা এগুলো এভাবে রাখা হয়েছে।