কেশবপুর ও কোটচাঁদপুরে মনোনয়নপত্র তুললেন ৩৮ জন
যশোরের কেশবপুর পৌরসভার নির্বাচনে তিনজন মেয়র প্রার্থীসহ এ পর্যন্ত ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন।
এ ছাড়া ঝিনাইদহের কোটচাঁদপুরে মেয়র পদে আওয়ামী লীগের তিনজন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন।
কেশবপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সম্ভাব্য মেয়র প্রার্থী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির ও কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র তুলেছেন।
এর আগে মেয়র পদে বিএনপির পৌর কমিটির সভাপতি ও বর্তমান মেয়র আবদুস সামাদ বিশ্বাস, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মনোনয়নপত্র তোলেন।
কেশবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বলেন, এ পর্যন্ত মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন ও ২৬ জন কাউন্সিলর পদে মনোনয়নপত্র তুলেছেন।
এদিকে কোটচাঁদপুরে মেয়র পদে উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেম আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সহিদুজ্জামান সেলিম ও প্যানেল মেয়র ফজলুর রহমান মনোনয়নপত্র তুলেছেন।
ফজলুর রহমানের দাবি, তিনি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। কিন্তু পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ফারজেল হোসেন বলেন, ফজলুর আপাতত কোনো কমিটির সঙ্গে নেই।
সহিদুজ্জামান সেলিম দাবি করেন, দলের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি মনোনয়ন পাবেন ও মনোনয়ন পেলে তিনি জয়ী হবেন। মীর কাশেম আলী বলেন, এবার সাধারণ ভোটারের মধ্যে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে। যে কারণে তাঁদের
দলের প্রার্থীই পাস করবে। তবে তিনি মনোনয়ন পেলে অন্য প্রার্থীর চেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন।
তিন প্রার্থীর মনোনয়নপত্র তোলার বিষয়ে জানতে চাইলে ফারজেল হোসেন বলেন, ওই তিনজনের মধ্যে দুজনের অবস্থান ভালো।
ওই দুজনের মধ্য থেকে কেউ একজন মনোনয়ন পাবেন। দল ও স্থানীয় ব্যক্তিদের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এমন ব্যক্তিকে তাঁরা দলের পক্ষ থেকে প্রার্থী নির্বাচন করবেন।