কেশবপুর ও দৌলতপুরে দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে৷
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় যশোরের কেশবপুর উপজেলার কাস্তা গ্রামে চাচাতো ভাইদের হামলায় আবদুল মান্নান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে৷
কুষ্টিয়ায় নিহত সাইফুল দৌলতপুরের সংগ্রামপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে৷
দৌলতপুর থানার পুলিশ ও এলাকাবাসী জানান, কয়েক দিন আগে পাশের লালনগর গ্রামে এক ব্যক্তির নছিমন চুরি হয়৷ অভিযোগ ওঠে সাইফুল ও তাঁর সহযোগী নওশের আলী ওই নছিমন চুরি করেছেন৷ বিষয়টি জানাজানি হলে সাইফুল ও নওশের একে অপরের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ আনেন৷ এ নিয়ে গতকাল বিকেলে সংগ্রামপুর গ্রামে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়৷ একপর্যায়ে নওশের ক্ষিপ্ত হয়ে সাইফুলকে ধারালো হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন৷ ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়৷ এ সময় আকরাম হোসেন ও শহিদুল ইসলাম নামের দুই যুবক বাধা দিতে গেলে তাঁদেরও কুপিয়ে আহত করেন নওশের৷ স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন৷
হাসপাতাল সূত্রে জানা গেছে, আকরামের পেটে ও শহিদুলের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত আছে৷ তাঁদের অবস্থা গুরুতর৷ আকরামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হচ্ছে৷
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নছিমন চুরিসংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড হয়েছে৷ পুলিশ তাৎক্ষণিকভাবে নওশেরের বাবা নিয়াত আলী (৬০) ও আমীর হামজা (৪৭) নামের দুজনকে আটক করেছে৷
কেশবপুর থানার পুলিশ ও এলাকাবাসী জানান, একটি বিরোধপূর্ণ পুকুর নিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মান্নানের সঙ্গে তাঁর চাচাতো ভাই আবুল কালাম ও মজিবর রহমানের ঝগড়া হয়৷ এ সময় চাচাতো ভাইদের বেধড়ক কিলঘুষি ও পিটুনিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, নিহত মান্নানের স্ত্রী আজিমুন্নেছা আবুল কালাম, মজিবরসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন৷ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷