কেশবপুর কলেজের হিসাবরক্ষকের রহস্যজনক মৃত্যু
যশোরের কেশবপুর কলেজের হিসাবরক্ষক সওকত আলীর (৪৮) রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রোববার রাতে তাঁর লাশ কলেজের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে নয়টার পরও বাড়ি ফিরে না আসায় সওকত আলীর আত্মীয় আবদুল হালিম ও আবদুর রহমান তাঁকে খুঁজতে কলেজে আসেন। এ সময় তাঁরা কলেজের নৈশপ্রহরী আকবর আলী ও মতিয়ার রহমানের কাছে হিসাবরক্ষকদের কক্ষ কোথায় তা জানতে চান। সেখানে নিয়ে গেলে তাঁরা জানালা দিয়ে সওকতের লাশ লোহার রডের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। তাঁরা এ সময় কক্ষটি তালাবদ্ধ পান। পরে তাঁরা তালা ভেঙে ভেতরে ঢুকে তাঁর লাশ রশি কেটে নামান। রাত ১১টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শেখ আবদুল আজিজ জানান, ২০০৬ সাল থেকে কলেজের হিসাবে বড় ধরনের একটি গরমিল চলছে। সওকতের ওপর এই হিসাব মেলানোর দায়িত্ব ছিল। কলেজের অধ্যক্ষ রফিকুল বারী জানান, সওকত পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করতে পারেন। কলেজের হিসাব-সংক্রান্ত বিষয়ে কোনো ঝামেলা নেই।
কেশবপুর থানার উপপরিদর্শক আকবর আলী জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।