কেশবপুর থানার ওসির দাবি পুলিশ ষড়যন্ত্রের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে ব্যবসায়ীকে ইয়াবা বড়ি দিয়ে ফাঁসানোর চেষ্টার ঘটনায় কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গত বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে দাবি করেছেন—এ ঘটনায় পুলিশ ষড়যন্ত্রের শিকার হয়েছে।
জাহানপুর বাজারের ব্যবসায়ী আবদুল লতিফের সঙ্গে এলাকার কয়েকজনের বিরোধের কারণে ইয়াবা বড়ি রেখে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে অভিযুক্তদের পরিবার বলেছে, তাঁরা এ ঘটনায় জড়িত নন।
কেশবপুর থানার ওসি সহিদুল ইসলাম থানায় লিখিত বক্তব্যে বলেন, দোরমুটিয়া গ্রামের নজরুল গাজী ও আবদুল অজিজ এবং জাহানপুর গ্রামের আহাদ গাজী পরস্পর পরিচিত। জাহানপুর বাজারের ব্যবসায়ী আবদুল লতিফের সঙ্গে আহাদ গাজীর পূর্বশত্রুতা ছিল। আজিজ, নজরুল ও আহাদ গাজী তিনজন মিলে লতিফকে ফাঁসিয়ে দেওয়ার জন্য ১৭টি ইয়াবা বড়ি ক্রয় করে আহাদের যোগসাজশে লতিফের দোকানে রাখেন। নজরুল গত রোববার জাহানপুরের চায়ের দোকানদার খালেকের মুঠোফোনে ভালুকঘর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানকে খবর দেন। সেখানে কাঠের র্যা কের পাশে ওষুধের একটি পুরোনো প্যাকেটের ভেতর থেকে ১৭টি ট্যাবলেট উদ্ধার করে। এ সময় কিছু টাকা পলিথিনের প্যাকেটে মোড়ানো থাকতে দেখে তা গুনে ৮০ হাজার টাকা পাওয়া যায়।
এ সময় বাজারের অন্য ব্যবসায়ীরা জড়ো হয়ে পুলিশকে আটক করে ফেলেন। তিনি দাবি করেন, পুলিশকে বিভ্রান্ত করে আবদুল লতিফকে জব্দ করতে এ ঘটনা ঘটানো হয়। এসআই মিজান এর সঙ্গে জড়িত নন।
এ দিকে গতকাল বৃহস্পতিবার আজিজ, নজরুল ও আহাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আহাদ ইটের ভাটায় ভ্যানে করে মাটি টানার কাজ করেন। তাঁর স্ত্রী বিউটি বেগম বলেন ‘আমরা খুবই গরিব, এক দিন কাজ না করলে আমাদের সংসার চলে না। আর এত টাকা দিয়ে সে কীভাবে ইয়াবা বড়ি কিনবে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’ আজিজের স্ত্রী বেলী খাতুন বলেন, ‘আমার স্বামী ইটের ভাটায় কাজ করেন। এ ঘটনার সঙ্গে আমার স্বামীর কোনো সম্পর্ক নেই।’ নজরুলের স্ত্রী আমানা বেগম বলেন, ‘গ্রাম্য কোন্দল থাকতে পারে, তবে এ ঘটনার সঙ্গে আমার স্বামীর কোনো সম্পৃক্ততা নেই।’
এ দিকে কেশবপুর থানা-পুলিশ চায়ের দোকানদার আবদুল খালেককে গ্রেপ্তার করেছে। তাঁকে সাংবাদিকদের সামনে আনা হলে তিনি আজিজ, নজরুল ও আহাদের ষড়যন্ত্রে এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন। কেশবপুর থানার ওসি বলেন, পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার দায়ে মামলা করা হচ্ছে।
এ ঘটনায় ২৭ ডিসেম্বর প্রথম আলোয় ‘ব্যবসায়ীকে ইয়াবা বড়ি দিয়ে ফাঁসানোর চেষ্টা, জনতার প্রতিরোধ, এসআই প্রত্যাহার’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।