কেশবপুর নির্বাচনী এলাকাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি
যশোরের কেশবপুর নির্বাচনী এলাকাকে (যশোর-৬) আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।গতকাল রোববার বিকেলে কেশবপুর থানা মোড় থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার লোক অংশ নেন। পরে স্থানীয় ত্রিমোহিনী মোড় চত্বরে সমাবেশে বক্তৃতা করেন কেশবপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা আবু বক্কর সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান প্রমুখ। বক্তারা বলেন, কেশবপুর আসনকে অভয়নগরের সঙ্গে জুড়ে দেওয়ায় এটি একটি উদ্ভট আসনে পরিণত হয়েছে। কেশবপুরের শেষ প্রান্ত থেকে অভয়নগরের শেষ প্রান্ত পর্যন্ত দূরত্ব ১৩০ কিলোমিটার। এই সীমানায় চলাচল করতে তিনটি নদী পার হতে হয়। এই দুই উপজেলার সঙ্গে সংযুক্ত থাকায় মনিরামপুর উপজেলার মনোহরনগর ইউনিয়নকে যশোর-৬ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে কেশবপুর উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। যশোর-৬ নির্বাচনী এলাকা কেশবপুরকে পূর্বাবস্থায় পুনর্বহাল বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।