
যশোরের কেশবপুরে জলাবদ্ধতা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছেন কেশবপুর পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৮০ হাজার মানুষ। তাঁরা ত্রাণের পরিবর্তে দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন।
১০ ও ১১ আগস্ট দুদিনের বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গিয়েছিল। এরপর গত শনি, রবি ও সোমবার সকাল পর্যন্ত তিন দিন ধরে একটানা ভারী বৃষ্টি হয়। এতে প্রায় পুরো উপজেলা জলাবদ্ধ হয়ে পড়ে। বিশেষ করে, কেশবপুর পৌরসভা ও সদর ইউনিয়নে শুকনা জায়গা নেই বললেই চলে।
কেশবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার জানিয়েছেন, উপজেলার ১৬১ বর্গকিলোমিটার এলাকা এখন জলাবদ্ধ হয়ে পড়েছে। ৮০ হাজার মানুষ পানিবন্দী। ২১টি আশ্রয়কেন্দ্রে ৭ হাজার ৩৭৫ জন মানুষ আশ্রয় নিয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, কেশবপুরের হরিহর নদ নাব্যতা হারানোর কারণে বৃষ্টির পানি নদ দিয়ে বের হতে পারে না। এতে জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে। সরকারি খাল দখল করে অপরিকল্পিতভাবে ঘের করা জলাবদ্ধতার আরেকটি কারণ।
কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দীন বলেন, দুই বছর ধরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হরিহর নদের উৎসমুখ কাশিমপুরে বাঁধ না দেওয়ায় পলি ভরাট হয়ে তলদেশ উঁচু হয়ে গেছে। ফলে এবারের ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার কেশবপুরের মধ্যকুল, হাবাসপোল এলাকায় গিয়ে দেখা গেছে, প্রতিটি বাড়িতেই পানি। মধ্যকুল পূর্বপাড়ার হাসিনা বেগম, নাসিমা বেগম, নূর নাহার ও খাদিজা বেগম বাড়ি ছেড়ে যশোর-সাতক্ষীরা সড়কে টং বাঁধবেন বলে এসেছেন। কিন্তু সড়কেও পানি উঠে যাওয়ায় কোনো উপায় না থাকায় রাস্তার ধারে বাঁশের মাচা তৈরি করে থাকার কথা ভাবছেন। তাঁরা জানান, দুই দিন ধরে চিড়া-মুড়ি খেয়ে রয়েছেন। সাহেব আলী বলেন, ‘আমরা ত্রাণ চাই না। আমরা চাই দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।’ জাহিনুর বেগম বলেন, ‘গত শনিবার থেকে বিদ্যুৎ না থাকায় সাপের ভয়ে আছি। ঘরের মধ্যে পানি উঠেছে, রাত হলে কিছুই দেখা যায় না।’
কেশবপুরের নাগরিক সমাজ ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ দাবিতে আন্দোলন করছে। গতকাল স্থানীয় ত্রিমোহিনী মোড় চত্বরে এ দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে ২৫ আগস্টের মধ্যে হরিহর নদ খননের ব্যবস্থা করা না হলে ওয়াপদার কার্যালয় ঘেরাও করে অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়। সমাবেশে নাগরিক সমাজের আহ্বায়ক আইনজীবী আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সিপিবির নেতা মফিজুর রহমান, নারী নেত্রী রাবেয়া ইকবাল, রমেশ দত্ত ও কৃষক নেতা শওকত আলী।
‘পানি সরাও, মানুষ বাঁচাও’ আন্দোলনের নেতা মফিজুর রহমান বলেন, সরকারি খাল দখল করে অপরিকল্পিতভাবে মাছের ঘের তৈরি করে ঘেরমালিকেরা পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
যশোর পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘হরিহর নদের উৎসমুখ ভদ্রা নদ খননের জন্য একটি প্রস্তাব বোর্ডের সভায় দেওয়ার জন্য এখন আমি ঢাকায় অবস্থান করছি। সিদ্ধান্ত হলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির বলেন, ‘পানিবন্দী মানুষের ত্রাণ সাহায্যের পাশাপাশি আজ (গতকাল) আমরা উপজেলা পরিষদ থেকে পাঁচ লাখ টাকার শুকনা খাবার বিতরণ করেছি। পানিবন্দী মানুষের দুঃখ লাঘবে আমরা সব চেষ্টা চালিয়ে যাচ্ছি।’