কেশবপুর প্লাবিত ১৪ গ্রামে অপ্রতুল চাল বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় জলাবদ্ধতার শিকার গ্রামগুলোর অবস্থার আরও অবনতি হয়েছে। সরকারিভাবে বরাদ্দ দেওয়া চাল গতকাল সোমবারও এসব এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন পায়নি। তা ছাড়া চাহিদার তুলনায় বরাদ্দ দেওয়া চাল অপ্রতুল বলেও মনে করছেন জনপ্রতিনিধিরা।
বিদ্যানন্দকাঠি ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান জানান, তাঁর এলাকায় অন্তত এক ফুট পানি বেড়েছে। এতে নতুন করে খোবদহ গ্রামটি তলিয়ে গিয়ে জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া গ্রামের সংখ্যা দাঁড়াল ১৪টিতে।
সাগরদাঁড়ি ইউপি সদস্য কাজী মনোয়ার আবু তাহের বলেন, পানি বাড়ায় মানুষ ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। তিনি জানান, সাগরদাঁড়ি সড়কের শেখপুরা রাস্তার ওপর ১০, সাগরদাঁড়ি দাখিল মাদ্রাসায় ২৫, সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে ২০ এবং কোমরপুর ওয়াপদার বেড়িবাঁধের ওপর ৫০টি পরিবার আশ্রয় নিয়েছে।
খলিলুর রহমান জানান, গতকাল তিনি চার মেট্রিক টন চাল বরাদ্দের একটি চিঠি পান। তিনি আরও জানান, তবে যে চাল বরাদ্দ হয়েছে, তাতে মাত্র ৪০০ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া যাবে। কিন্তু ইউনিয়নে দুই হাজার পরিবার ক্ষতিগ্রস্ত। তাঁর দাবি, এলাকায় অন্তত ১২ টন চাল বরাদ্দ দরকার।