কেশবপুর-বেগমপুর সড়কের গাছ কেটে সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাস্তার ওপর কী সুন্দর গাছগুলো ছিল! দেখতিও ভালো লাগত। রোদির সময় একটি জিড়ানো যেত। তা কারও সহ্য হলো না। তাও কাটে সাবাড় করে দিল।’ এই আক্ষেপ যশোরের কেশবপুর উপজেলার কৃষক সাদ্দাম হোসেনের। এলাকাবাসী সূত্রে জানা গেছে, যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের কড়িয়াখালী থেকে জাহানপুর পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার ২৮-৩০টি গাছ এ মাসের প্রথম সপ্তাহে কেটে ফেলা হয়েছে। সরেজমিনে দেখা যায়, কেশবপুর-বেগমপুর সড়কের কড়িয়াখালী প্রধান সড়ক থেকে জাহানপুর জেলেপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার দুই পাশে কেটে ফেলা গাছের গোড়াগুলো রয়েছে। পাশের ক্ষেতে কাজ করা কৃষকেরা বলেন, ‘সপ্তাহব্যাপী বৃক্ষনিধন উত্সব চললেও কেউ বাধা দিতে এল না।’ এলাকাবাসী জানান, বাওড় মর্শিনার পানি প্রতিবছর বর্ষা মৌসুমে প্লাবিত হয়ে পদ্মবিলের ফসল নষ্ট হয়ে যায়। ফসল বাঁচাতে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ২০ থেকে ২৫ বছর আগে একটি বাঁধ দেয়। পরবর্তী সময়ে এটি রাস্তা হিসেবে মানুষ ব্যবহার করে। ১০ থেকে ১৫ বছর আগে এই রাস্তায় মনিরামপুর উপজেলার একটি স্বেচ্ছাসেবী সংস্থা তুঁতগাছের সঙ্গে শিশুগাছ লাগিয়ে দেয়। এই গাছগুলো বর্তমানে বিরাট বৃক্ষে পরিণত হয়েছে। বর্তমানে এই গাছগুলোর প্রতিটির দাম ২০ থেকে ৩০ হাজার টাকা। গাছগুলো কেটে সাবাড় করে দেয় এলাকার প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের লোকজন। এলাকাবাসীর অভিযোগ, গাছগুলো কেটে বিক্রি করেছেন এলাকার প্রভাবশালী ব্যক্তি হিসেবে খ্যাত আবদুল গফ্ফার তরফদার। আর এ কাজে সহায়তা করেছেন ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন যুবলীগের ডালিম, বাশার, গফুর, উত্তম ঘোষসহ আরও অনেকে। সপ্তাহব্যাপী দিনরাত গাছা কাটা চললেও এর প্রতিবাদ করতে সাহস পাইনি কেউ। আবদুল গফ্ফার বলেন, ‘গত বছর ওই রাস্তার একটি গাছ ঝরে পড়ে গেল আমি ওই গাছ কেটে নিয়ে আসি। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা ওই গাছটি আটক করেন। পরে নিজের জায়গার গাছ দাবি করলে নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার কার্যালয়ের লোক দিয়ে জমি মাপিয়ে সরকারি নয় বলে প্রতিবেদন দেন। জেলা পরিষদ পুনরায় ওই জমি মেপে তাদের নয় বলে প্রতিবেদন দেয়। পরবর্তী সময়ে ওই গাছ আমি পেয়ে যাই।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা আমাদের দলের কেউ নন। দলের কোথাও তাঁদের নাম নেই। যেকোনো খারাপ কাজের দায়িত্ব তাঁদেরই নিতে হবে।’উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, ‘এই গাছগুলো কাটার বিষয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কথা তুলেছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা সুলতানা বলেন, ‘মাসিক উন্নয়ন সমন্বয় সভায় উপজেলার চেয়ারম্যান বিষয়টি তুলেছিলেন। আমরা বৃক্ষনিধনের বিষয়ে সার্বিকভাবে ব্যবস্থা গ্রহণ করব।’ যশোরের জেলা প্রশাসক মহিবুল হক বলেন, ‘বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখব।’