কেশবপুর-সরোশকাঠী সড়কের বেহাল দশা
অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় যশোরের কেশবপুর-সরোশকাঠী সড়কটি এখন গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।সরেজমিনে পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে রয়েছে উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিকসহ বেশ কিছু প্রতিষ্ঠান। এ ছাড়া কেশবপুর উপজেলার সঙ্গে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। ১৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কের কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড় থেকে আড়ুয়ার মাথা পর্যন্ত ১১ কিলোমিটার অংশের পিচ উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। শহরের ব্যস্ততম এই সড়ক দিয়ে চলতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক ইমরান মোল্লা জানান, অ্যাম্বুলেন্স নিয়ে শহরে ঢুকলে যন্ত্রণার শেষ থাকে না। অ্যাম্বুলেন্সে থাকা রোগীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী রোগীরা সবচেয়ে বেশি কষ্ট পান। হাসপাতালের কথা বিবেচনা করেই সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।কেশবপুর-সরোশকাঠী সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চালক বেল্লাল হোসেন বলেন, ‘আমরা ১১ কিলোমিটার সড়কে গাড়ি চালাই জীবন হাতে করে। প্রায়ই গাড়ি উল্টে গিয়ে যাত্রীরা আহত হন।’হাজরাকাঠী গ্রামের ভ্যানচালক আবদুল বারী বলেন, ‘এই রাস্তা দুই বছর ধরে খারাপ। আমরা অতি কষ্টে চলাচল করি। বিশেষ করে বর্ষাকালে ভোগান্তির শেষ থাকে না। তখন খানাখন্দের মধ্যে আন্দাজে গাড়ি চলাতে হয়।’সাতবাড়িয়া বাজারের ব্যবসায়ী বিকাশ চন্দ্র দাস বলেন, ‘এই বেহাল রাস্তার কারণে আমরা ব্যবসা-বাণিজ্যে পিছিয়ে পড়ছি। আমাদের মালামাল পরিবহন করতে ভোগান্তি পেতে হচ্ছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের বিক্রয়মূল্যও বাড়াতে বাধ্য হচ্ছি।’এলাকাবাসী জানান, এই সড়কের পাশে প্রায় ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। বেহাল সড়কের কারণে এখানকার শিক্ষার্থীদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে।এ ব্যাপারে যশোরের সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এস এম মোয়াজ্জেম হোসেন জানান, ওই সড়কটি পুনর্নির্মাণের জন্য শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। আর আপাতত খানাখন্দগুলো রাবিশ দিয়ে পূরণ করে দেওয়া হবে।