কেশবপুরে অপরিকল্পিত নদ খনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে হরিহর নদ খনন শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এলাকাবাসী বলছে, অপরিকল্পিত খননের কারণে এ সমস্যার সমাধান হবে না। উল্টো বর্ষা মৌসুমে পানিনিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করবে। পাউবোর স্থানীয় কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করেছেন।
পাউবোর কেশবপুর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুতে বড়েঙ্গা ত্রিমোহনা থেকে দেড় কিলোমিটার হরিহর নদ খনন কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪৯ লাখ টাকা। নদের তলদেশে ২২ ফুট ও ওপরের অংশে ৪০ ফুট খনন করা হবে। খননের কাজ পেয়েছে ডিএন এন্টারপ্রাইজ। এর স্বত্বাধিকারী বাবুল আক্তার পাউবোর উপজেলা পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক।
স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বড়েঙ্গা ত্রিমোহনা থেকে কেশবপুর উপজেলা সদর পর্যন্ত হরিহর নদের পাঁচ কিলোমিটার খনন প্রয়োজন। অন্যথায় পানিনিষ্কাশন হবে না। নদের প্রস্থ ১০০ ফুটের বেশি হলেও খনন করা হচ্ছে মাত্র ৪০ ফুট। নদের ভেতরেই মাটি ফেলা হচ্ছে। এ ছাড়া ত্রিমোহনায় বাঁধ দেওয়ার কারণে ভদ্রা নদের প্রায় সাত কিলোমিটার পলি জমে ভরাট হয়ে গেছে। এতে বর্ষার পানি বের হতে পারবে না। ফলে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেবে।
কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, হরিহর নদের কেশবপুর অংশের ৫ কিলোমিটার খনন করা হলে মানুষের উপকার হতো। জনগণের অর্থের অপচয় ছাড়া এ খননের আর কোনো উদ্দেশ্য নেই। বড়েঙ্গা অংশে বেড়ি বাঁধ দিয়ে খনন করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। শ্রীনদীর কাশিমপুর পয়েন্টে বাঁধ দিয়ে খনন করলে ভদ্রা নদীতে পলি জমত না। পানিনিষ্কাশন ভালোই হতো।
কেশবপুর পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘অপরিকল্পিত খননের কারণে কেশবপুর শহরের কাছে নদ ভরাট হয়ে থাকবে। ফলে পানি বের হতে পারবে না। বর্ষা মৌসুমে পুরো শহরে পানি জমে থাকবে। জলাবদ্ধতা নিরসনের জন্য ১৫ মে আমরা পানিসম্পদমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। সামনে মহা দুর্যোগ থেকে বাঁচতে আমরা মিছিল–মিটিং এবং অনশনের মতো কর্মসূচির প্রস্তুতি নিচ্ছি।’
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বড়েঙ্গায় তিন নদীর মোহনায় যন্ত্র দিয়ে হরিহর নদ খনন করা হচ্ছে। নদের ওই অংশের প্রস্থ শতাধিক ফুট। তবে খনন করা হচ্ছে মাত্র ৩৫ ফুটের মতো। বাকি অংশে খনন করে মাটি ফেলা হচ্ছে। আর বাঁধ দেওয়ার কারণে ভদ্রা নদী ভরাট হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, খননকাজের তত্ত্বাবধান করছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদত হোসেন।
পার্শ্ববর্তী আলতাপোল গ্রামের মাহাবুর রহমান বলেন, এখানে নদ ছিল দুই শ ফুটের মতো। কিন্তু খনন করা হচ্ছে অল্প একটু অংশ। এ বছর মানুষের ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
নদের ভেতর মাটি ফেলার বিষয়ে পাউবোর কেশবপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, ওই মাটি ওপরে তুলে দেওয়া হবে।
সামনে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন পাউবোর যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী। তিনি বলেন, ‘হরিহর নদ পুরোটাই খননের জন্য অর্থ চেয়েছিলাম। কিন্তু আমাদের দেওয়া হয়েছে মাত্র ৪৯ লাখ টাকা। বোর্ডকে বলেছি এতে অর্থের অপচয় হবে।’ তিনি আরও বলেন, ভদ্রা নদীর সাত কিলোমিটার খননের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
গত বছরের আগস্ট ও সেপ্টেম্বরে অতিবর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা দেখা দেয়। হরিহর নদ দিয়ে পানিনিষ্কাশন না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পৌরসভার বেশির ভাগ এলাকা প্লাবিত হয়। এ ছাড়া ১১টি ইউনিয়নের ১৬১ বর্গকিলোমিটার এলাকা জলাবদ্ধতার কবলে পড়ে। প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়। ২১টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয় সাত হাজারের বেশি মানুষ।