কেশবপুরে অবশ করার ইনজেকশন অপ্রতুল
যশোরের কেশবপুরসহ আশপাশের এলাকায় ছয় মাস ধরে অবশ করার (শরীরের নির্দিষ্ট স্থান অবশ করার কাজে ব্যবহৃত) ইনজেকশন পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন রোগীরা। কিছু দোকানে পাওয়া গেলেও অনেক সময় তা দ্বিগুণ দামে কিনতে হচ্ছে।
কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চামড়া কেটে যাওয়া রোগীর চিকিৎসার জন্য জখম স্থানে অবশ করতে জেসন কোম্পানির জেসোকেইন ইনজেকশন ব্যবহার করা হয়। কিন্তু ছয় মাস ধরে এই ইনজেকশন আর বাজারে পাওয়া যাচ্ছে না। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আট মাস ধরে এই ইনজেকশনের সরবরাহ নেই। ফলে রোগীর কেটে যাওয়া চামড়া সেলাই করার ক্ষেত্রে চিকিৎসকেরা পড়ছেন বিপাকে।
গত মঙ্গলবার রাতে ভোগতী এলাকার গৃহবধূ পারভিনার (৫০) হাত কেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এলে কর্তব্যরত চিকিৎসক ব্যবস্থাপত্রে বিভিন্ন ওষুধের পাশাপাশি জেসোকেইন ইনজেকশনের নামও লিখে দেন। কিন্তু ওষুধটি দোকানে না পেয়ে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই ওষুধের ব্যবস্থা করে দেন।
২২ জুলাই কেশবপুর শহরের ১০টি দোকানে এই প্রতিনিধি খোঁজ করলে আটটি দোকানেই জেসোকেইন ইনজেকশন পাওয়া যায়নি। জোয়ার্দ্দার ফার্মেসির মালিক সিরাজুল ইসলাম বলেন, তিন মাস ধরে ইনজেকশনটি কোম্পানি থেকে সরবরাহ করা হচ্ছে না। যশোরের বড় পাইকারি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠান বিচিত্রা সার্জিক্যালের মালিক নবকুমার সাহা বলেন, ছয় মাস ধরে কোম্পানি থেকে এই ইনজেকশন সরবরাহ করা হচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের সামনের রাবেয়া ফার্মেসিতে ইনজেকশনটি পাওয়া যায়। সেখানে ২৮ টাকার ইনজেকশন ২৮০ টাকায় কেনেন এই প্রতিনিধি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ আবু শাহীন বলেন, যশোর শহরসহ আশপাশের এলাকায়ও এই ইনজেকশনটি অপ্রতুল। রোগীদের জরুরি চিকিৎসার কথা ভেবে বাজার থেকে ২৮ টাকার ইনজেকশন ২২০ টাকা থেকে ২৮০ টাকা দরে কিনে এনে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক বলেন, বাজারে আরও দু-একটি কোম্পানির অবশ করার ইনজেকশন পাওয়া যায়। কিন্তু সেগুলোর গুণগতমান তেমন ভালো না। জেসন কোম্পানির কেশবপুর ও মনিরামপুরের বিক্রয় প্রতিনিধি রাশিদুল ইসলাম গত মঙ্গলবার বলেন, বেশ কিছুদিন ধরে ইনজেকশনটির সরবরাহ বন্ধ। তবে সপ্তাহ খানেকের মধ্যে এটি আবার বাজারে পাওয়া যাবে।