কেশবপুরে অবৈধভাবে গাছ বাউফলে ডালপালা কর্তন
যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাঠী রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যুৎ নেওয়ার নামে ১৮টি গাছ কাটা হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশত গাছের ডালপালা কেটে লুটপাটের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, বাউফল উপজেলা পরিষদের ২৪টি গাছকে ডালপালা কেটে ন্যাড়া করা হয়েছে। আরও তিনটি গাছের গোড়ায় কুড়াল চালানো হচ্ছে। এ জন্য সাত-আটজন শ্রমিক কাজ করছেন।
অভিযোগ উঠেছে, উপজেলা পরিষদে কর্মরত কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে গাছের ডাল কেটে করাতকলে চেরাই করে কাঠ বানাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের লোকজন ও গাছ কাটার দায়িত্বে থাকা কর্মকর্তা।
স্থানীয় আমির হোসেন বলেন, যেভাবে গাছগুলোর বড় অংশ কাটা হচ্ছে, তাতে কয়েক বছরের মধ্যে ভেতরের অংশে পচন ধরে গাছগুলো মরে যাবে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি কর্মকর্তা বলেন, ২০-২৫ বছর আগের মেহগনি, রেইনট্রি, চাম্বল, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০০ গাছ কাটার সিদ্ধান্ত নিয়ে ওই সব গাছে তিন বছর আগে নম্বর দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমোদন না দেওয়ায় সে যাত্রায় গাছগুলো বেঁচে যায়। এবার ডালপালা ছাঁটাই করার নামে এসব গাছের বড় অংশগুলো কেটে লুটপাট করা হচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, গাছ ভেঙে ভবন ধসে পড়তে পারে—এ আশঙ্কায় পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী ডাল কেটে গাছগুলোকে ভারমুক্ত করা হচ্ছে। এর দায়িত্বে আছেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
জাহাঙ্গীর হোসেন বলেন, বড় ডাল একটাও কাটা হচ্ছে না। ছোট ছোট মগডাল কাটা হচ্ছে।
বিদ্যানন্দকাঠী রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, গত এপ্রিলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় বিদ্যালয়ের ট্রান্সফরমার কেনা এবং বিদ্যুতের লাইন বসানোর জন্য ১৫টি গাছ বিক্রির সিদ্ধান্ত হয়। গত ১৭ সেপ্টেম্বর গাছগুলো নিলাম করা হয়।
গতকাল বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পূর্ব পাশে বুড়িভদ্রা নদীর পাশ দিয়ে ১৮টি বিভিন্ন প্রজাতির গাছ কাটা হচ্ছে।
মির্জাপুর গ্রামের আবদুস সামাদ ঢালী বলেন, নিলামের বাইরে জামগাছও কাটা হয়। আকবর হোসেন অভিযোগ করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুহুল কুদ্দুস এবং প্রধান শিক্ষক অতিরিক্ত তিনটি গাছ বিক্রি করেছেন।
গাছ কাটার ঠিকাদার রবিউল ইসলাম বলেন, ‘১৫টি গাছ এক লাখ ৫১ হাজার ৫০০ টাকায় কিনেছি।’ তিনি দাবি করেন, ভুলবশত তিনটি অতিরিক্ত গাছ কাটা হয়েছে।
পল্লী বিদ্যুৎ কার্যালয় কেশবপুরের উপমহাব্যবস্থাপক বরকত উল্লাহ বলেন, ১০ কেভির একটি ট্রান্সফরমার কিনতে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়।
লুৎফর রহমান বলেন, সবার অজান্তে ঠিকাদার অতিরিক্ত গাছগুলো কেটেছেন। ৩০-৩৫ হাজার টাকার কাজের জন্য দেড় লাখ টাকার গাছ কাটা হয়েছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, পল্লী বিদ্যুৎ অফিস লক্ষাধিক টাকা ব্যয়ের হিসাব দিয়েছে।