কেশবপুরে আ.লীগ, জাপা জামায়াতের প্রার্থী বাছাই
যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে মনোনীত হয়েছেন কেশবপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম। জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীও প্রার্থী বাছাই করেছে। তবে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি।
কেশবপুর বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেন, ‘আমাদের দল এখনো নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। নির্বাচন হলে আমাদের একক প্রার্থী হবেন বর্তমান মেয়র আবদুস সামাদ বিশ্বাস।’
আবদুস সামাদ বর্তমানে পৌর বিএনপির সভাপতি। তিনি বলেন, ‘আমি দুবার পৌর নির্বাচন করেছি, দুবারই জিতেছি। এখানকার ভোটাররা আমাকে এবারও নির্বাচিত করবে।’
আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয় ৪ নভেম্বর দলের পৌর কমিটির সভায় তৃণমূলের ভোটে।
রফিকুল ইসলাম বলেন, ‘আমি পরিবর্তনের অঙ্গীকার নিয়েই মাঠে নেমেছি। প্রথম শ্রেণির হওয়া সত্ত্বেও এ পৌরসভা নানাভাবে বঞ্চিত। নির্বাচিত হলে এগুলো দূর করার চেষ্টা করব।’
জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র পদে লড়াই করবেন আইনজীবী ওজিহুর রহমান। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করায় ওজিহুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের আমির আবদুস সামাদ।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন গোলাম মোস্তফা।