কেশবপুরে আ.লীগ, জাপা জামায়াতের প্রার্থী বাছাই
যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে মনোনীত হয়েছেন কেশবপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম। জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীও প্রার্থী বাছাই করেছে। তবে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি।
এ বিষয়ে কেশবপুর বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেন, ‘আমাদের দল এখনো নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। নির্বাচন হলে আমাদের একক প্রার্থী হবেন বর্তমান মেয়র আবদুস সামাদ বিশ্বাস।’
আবদুস সামাদ বিশ্বাস বর্তমানে পৌর বিএনপির সভাপতি। তিনি এর আগেও একবার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, ‘আমি দুবার পৌর নির্বাচন করেছি, দুবারই জিতেছি। এখানকার ভোটাররা আমাকে এবারও নির্বাচিত করবে।’
আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয় ৪ নভেম্বর দলের পৌর কমিটির সভায় তৃণমূলের ভোটে। একই সভায় কাউন্সিলর প্রার্থীদের নামও ঘোষণা দেওয়া হয়।
রফিকুল ইসলাম বলেন, ‘আমি পরিবর্তনের অঙ্গীকার নিয়েই মাঠে নেমেছি। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও এ পৌরসভা নানা দিক থেকে বঞ্চিত। নির্বাচিত হলে এগুলো দূর করার চেষ্টা করব।’
জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র পদে লড়াই করবেন আইনজীবী ওজিহুর রহমান। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করায় ওজিহুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের আমির আবদুস সামাদ।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন গোলাম মোস্তফা। তিনি ইতিমধ্যে গণসংযোগ শুরু করেছেন।
পৌর নির্বাচনে ব্যাপক কারচুপি ও সন্ত্রাসী কার্যকলাপের আশঙ্কা প্রকাশ করেছেন বর্তমান মেয়র আবদুস সামাদ বিশ্বাস। তবে উপজেলা নির্বাহী ও রিটার্নিং কর্মকর্তা শরীফ রায়হান কবির বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বলেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে একজন এবং কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিএনপির কাউন্সিলরদের ব্যাপারে আজ শুক্রবার যশোর জেলায় একটি সভায় সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন থানা বিএনপির সভাপতি।