কেশবপুরে আ.লীগ প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম গতকাল শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গতকাল সন্ধ্যায় তিনি ওই ইশতেহার ঘোষণা করেন।
রফিকুল ইসলাম তাঁর নির্বাচনী ইশতেহারে উন্নয়নবঞ্চিত এলাকার উন্নয়ন কর্মকাণ্ড অগ্রাধিকার ভিত্তিতে ত্বরান্বিত করা, আর্সেনিকমুক্ত পানি সরবরাহের বিল ৫০ টাকা হারে কমানো, পৌরসভার অন্ধকারাচ্ছন্ন এলাকায় এক বছরের মধ্যে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা, বৈষম্যমূলক হোল্ডিং ট্যাক্স ন্যায্যতার ভিত্তিতে নির্ধারণ, অগ্রাধিকার ভিত্তিতে পৌরসভার জলাবদ্ধতা দূর, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রক্তকরবী উন্মুক্ত মঞ্চ আধুনিকায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণে কেশবপুরের ঐতিহ্য হনুমান ও বাদুড়ের জন্য অভয়ারণ্য, খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম, ১০ টাকার পরিবর্তে বিনা মূল্যে নাগরিক সনদ দেওয়াসহ ১৮টি অঙ্গীকার করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হোল্ডিং ট্যাক্স বিষয়ে রফিকুল ইসলাম বলেন, হোল্ডিং ট্যাক্স সঠিকভাবে নির্ধারণ করা হবে। গরিব, বিশেষ করে মাটির ঘরের বাসিন্দাদের কর আরোপ করা হবে না।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাসান সাদেকসহ দলের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।