কেশবপুরে আজ থেকে শুরু হচ্ছে মধুমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার থেকে যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হচ্ছে। কবির জন্মদিন ঘিরে প্রতিবছর সাগরদাঁড়িতে বসে এ মেলা।
মেলার মধুমঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক মঞ্চস্থ হবে। এ ছাড়া মেলায় যাত্রা, পুতুলনাচ, সার্কাস থাকবে।
সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেশবপুরের সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এ ছাড়া মেলার বিভিন্ন দিনে সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হক, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কলকাতার ঘোষ অ্যান্ড মিত্র পাবলিকেশনের স্বত্বাধিকারী সবিতেন্দ্র নাথ রায়ের উপস্থিত থাকার কথা রয়েছে।
মধুমেলার সদস্যসচিব ও ইউএনও শরীফ রায়হান কবির বলেন, প্রতিবছর ২৫ জানুয়ারি থেকে মেলা হলেও এ বছর এসএসসি পরীক্ষার জন্য তিন দিন আগেই মেলা শুরু হচ্ছে। ইতিমধ্যে মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।