কেশবপুরে আমবাগানে জুয়ার আসর
যশোরের কেশবপুর উপজেলার বিদ্যনন্দকাঠি ইউপির ভাণ্ডারখোলা বাজারের পাশের আমবাগানে প্রতিদিন জুয়ার আসর বসানোর অভিযোগ করেছেন এলাকাবাসী। দূর-দূরান্ত থেকে জুয়াড়িরা এখানে এসে জুয়া খেলে।এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় পুলিশ ফাঁড়ির প্রত্যক্ষ সহযোগিতায় এ আসর বসছে। পুলিশকে নিয়মিত ঘুষ দিয়ে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা এ আসর পরিচালনা করেন। অনেক আপরাধীও এ আসরে আসে। এ কারণে এলাকায় অপরাধের প্রবণতা বেড়েছে। এলাকায় চুরি-ছিনতাই বেড়ে গেছে। প্রায় প্রতি রাতেই কোনো না কোনো বাড়িতে চুরির ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে এ আসর বসলেও এলাকার মানুষ আপরাধীদের ভয়ে কিছু বলতে পারছে না। এর কারণে স্কুলগামী শিক্ষার্থীরাও বিপথগামী হচ্ছে।সরেজমিনে জানা যায়, ভাণ্ডারখোলা বাজারের উত্তর পাশে স্থানীয় এক ব্যক্তির আমবাগানের মধ্যে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ আসর বসে। প্রতিদিন শতাধিক লোক এখানে এসে জুয়া খেলে। ভাণ্ডারখোলা ইউপির মফিজুর রহমানসহ স্থানীয় কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এর পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন ব্যক্তি জানান, ভাণ্ডারখোলা গ্রামের মিলন নামের এক ব্যক্তি নিজের মোটরসাইকেল বন্ধক রেখে জুয়া খেলেন। জুয়ায় হেরে গিয়ে তিনি অন্যের মোটরসাইকেল চুরি করে ভারতে চলে যান।জুয়ার আসর পরিচালনার অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে মফিজুর রহমান জানান, তিনি বিদ্যনন্দকাঠি ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক। তিনি দাবি করেন, ওই জুয়ার আসরের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। এখন জুয়ার আসর বসে না। আগে যখন আসর বসত, তখন তিনি সেখানে শুধু যাতায়াত করতেন।নিয়মিত জুয়ার আসর বসার সত্যতা নিশ্চিত করে বিদ্যনন্দকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ‘এখানে আপরাধী ও উচ্ছৃঙ্খল যুবকেরা নিয়মিত আসেন। আমি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কয়েকবার বিষয়টি তুলেছি। তার পরও নির্বিঘ্নে এই আসর বসছে।’চিংড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, দুই সপ্তাহ আগে তিনি এখানে যোগ দিয়েছেন। কয়েকবার ওই আসরে হানা দিয়েছেন। তবে অভিযান চালানোর সময় আশপাশে নিযুক্ত করা লোকজন মুঠেফোনে সতর্ক করে দেওয়ায় কাউকে ধরা যায়নি। তিনি ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।