কেশবপুরে উন্নয়নের অর্থ ফেরত, বাসিন্দারা ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়মতো ও সঠিকভাবে ব্যবহূত না হওয়ায় যশোরের কেশবপুর পৌরসভার উন্নয়ন প্রকল্পের সোয়া কোটি টাকা ফেরত গেছে। ঠিকাদারের গাফিলতি ও পৌরসভার দেখভালের অভাবে এই টাকা ফেরত গেছে বলে অভিযোগ উঠেছে। অবহেলিত পৌরসভার উন্নয়নের টাকা ফেরত যাওয়ায় পৌরবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে পৌরসভার জন্য দুই কোটি ৫৭ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দে নালা ও সড়ক নির্মাণ-সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজটি পান যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান বনান্তার ট্রেডিংয়ের আবু সাঈদ। ঠিকাদার কাজ পেয়ে প্রথম থেকেই ঢিলেমি করতে থাকেন। তখন পৌরসভা কয়েকবার তাগাদা দিয়ে চিঠি দেয় বলে জানান পৌরসভার সহকারী প্রকৌশলী উজ্জ্বল কর্মকার। এর পরও কাজে গতি আসেনি। অবশেষে শুধু যশোর-সাতক্ষীরা সড়কের থানা মোড় থেকে ত্রিমোহিনী মোড় ভায়া মধু সড়ক পর্যন্ত নালা নির্মাণের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এ জন্য গর্ত করে রাখায় কমপক্ষে ছয় মাস মানুষ চরম দুর্ভোগ পোহায়। পরে কাজের মান নিয়েও প্রশ্ন ওঠে। জুনে এ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো নালা নির্মাণের কাজ শেষ হয়নি।পৌরসভার একটি সূত্র জানায়, সাতটি রাস্তার কাজ ঠিকাদার সম্পন্ন করতে না পারায় এক কোটি ২৪ লাখ টাকা ফেরত গেছে। বিএমডিএফের প্রকল্পের নিয়ম অনুযায়ী দুই কোটি ৫৭ লাখ টাকার কাজের বিপরীতে ১০ শতাংশ হারে অগ্রিম টাকা জমা দিতে হয় পৌরসভাকে। সে অনুযায়ী কেশবপুর জনতা ব্যাংকে একটি হিসাব খুলে ২৭ লাখ ৫০ হাজার টাকা রাখা হয়েছে। অব্যয়িত টাকা ফেরত যওয়ায় এই অর্থ পৌরসভার পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।কেশবপুর পৌরসভার বাসিন্দা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মজিদ জানান, পৌরসভার উন্নয়নের টাকা কেন ফেরত গেল তা জানা দরকার। যারা এর জন্য দায়ী, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিউর রহমান জানান, এটা দুঃখজনক। মেয়র ও ঠিকাদারের ব্যর্থতার কারণে উন্নয়নের টাকা ফেরত গেছে।ঠিকাদার আবু সাঈদ বলেন, ‘আমি কাজটি করিনি। স্থানীয় ঠিকাদার লুৎফর রহমান কাজটি করেছেন।’ অন্য ঠিকাদার দিয়ে কাজ করানোর বিষয়ে তিনি জানান, সারা দেশেই এভাবেই কাজ হয়। এ কাজের জন্য তাঁর সুনাম ক্ষুণ্ন হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌহিদুল আলম জানান, যখন ওই কাজ হয়েছে, তখন তিনি ছিলেন না। মেয়র আবদুস সামাদ বিশ্বাস জানান, টাকা ফেরত যাওয়ার দায় তিনি এড়াতে পারেন না। ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, এমন বিধান নেই। যেসব রাস্তার কাজ সম্পন্ন করা যায়নি, তা পৌরসভার নিজস্ব অর্থ দিয়ে করা হবে বলে তিনি মন্তব্য করেন।