কেশবপুরে এক হাজার গাছ নিধন
যশোরের কেশবপুর উপজেলার শ্রী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এক হাজারের বেশি বাবলা গাছ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কেটে ফেলা হয়েছে। উপকারভোগী দুই নেতা কাউকে না জানিয়ে গত তিন-চারদিনে এসব গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপকারভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আগরহাটি থেকে ফুলতলা স্লুইস গেট পর্যন্ত তিন কিলোমিটার বাঁধে ২০০৩-০৪ সালে সামাজিক বনায়ন করা হয়। গাছের মালিকানা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি কমিটি (ওয়াটার ম্যানেজমেন্ট গ্রুপ বা ডব্লিউএমজি) ৬০ শতাংশ ও বনবিভাগ ৪০ শতাংশ হিসাবে ভাগ করা হয়। গত শুক্রবার সকালে সরেজমিন দেখা গেছে, প্রায় ১০০ শ্রমিক একের পর এক গাছ কেটে চলেছেন। কেন গাছ কাটছেন, জানতে চাইলে শ্রমিক আফসার ও রবীন জানান, ঠিকাদারের সহকারী আবদুল গফুর এ গাছগুলো কিনে নিয়েছেন। তাই গাছ কাটা হচ্ছে। আবদুল গফুর জানান, ডব্লিউএমজির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রহিম ও আবদুল তালেবের কাছ থেকে তিনি গাছগুলো কিনেছেন। ওই গাছ নদীর সংযোগস্থলে ফেলে বাঁধ দেওয়ার চেষ্টা চলছে। গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মোমিন অভিযোগ করেন, দেশটা যেন মগের মুল্লুক হয়ে গেছে। বাঁধের গাছ লুটের বস্তু হয়ে পড়েছে। ভরতভায়না গ্রামের ইদ্রিস আলী, হাশেম আলী ও আতিয়ার রহমান জানান, এলাকার কাউকে না জানিয়ে নিয়মনীতির কোনো তোয়াক্কা না করে গাছগুলো কেটে ফেলা হচ্ছে। তাঁরা জানান, প্রতিটি গাছের দাম ৫ হাজার টাকার ওপরে।এ ব্যাপারে পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক একজন আরেকজনকে দোষারোপ করেন। সভাপতি শফিকুল ইসলাম বলেন, কমিটির কোনো সিদ্ধান্ত ছাড়াই সাধারণ সম্পাদক গাছগুলো কেটে বিক্রি করে দিচ্ছেন। অপরদিকে সাধারণ সম্পাদক আবদুর রহিম দাবি করেন, কমিটির সিদ্ধান্ত ছাড়াই গাছগুলো কাটা হয়েছে সত্য। তবে পরবর্তী সময়ে অনুমোদন নেওয়া হবে। তিনি গাছ কাটার সঙ্গে সভাপতিও জড়িত বলে দাবি করেন।কেশবপুর বন বিভাগের কর্মকর্তা সুধীর কুমার রায় জানান, গাছগুলো আটক করে পানি কমিটির সভাপতি ও সম্পাদকের নামে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি জানান, এক হাজার থেকে এক হাজার ২০০ গাছ কাটা হয়েছে।