কেশবপুরে এতিমদের চাল আত্মসাতের পাঁয়তারা
যশোরের কেশবপুরে চারটি মাদ্রাসার এতিমদের জন্য বরাদ্দ দেওয়া জিআরের ২০ টন চাল আত্মসাৎ করার পাঁয়তারা করা হচ্ছে। আর এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতারা জড়িত। তাঁরা কৌশলে গুদাম থেকে উঠিয়ে অন্যত্র রেখে চাল আত্মসাৎ করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলার সাতটি প্রতিষ্ঠানে পাঁচ টন করে চাল বরাদ্দ করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ভালুকঘর হাজি রফিউদ্দীন, বুড়িহাটি হাফিজিয়া, প্রতাপপুর মধ্যপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ভান্ডারখোলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, পরচক্রা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দোরমুঠিয়া তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এবং হিজলডাঙ্গা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা।সরেজমিনে ঘুরে জানা যায়, সাতটি প্রতিষ্ঠানের মধ্যে শুধু হিজলডাঙ্গা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও দোরমুঠিয়া তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে চাল নিয়ে যাওয়া হয়েছে। ভালুকঘর হাজি রফিউদ্দীন এতিমখানা কর্তৃপক্ষ তাদের নামে বরাদ্দ দেওয়া ৯৭ বস্তা চালের মধ্যে মাত্র নয় বস্তা তুলেছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফেজ আবদুল খালেক দাবি করেন, ‘আমার প্রতিষ্ঠানে ওই চাল রাখার মতো জায়গা নেই। তাই কেশবপুরের আমজাদ সরদারের গুদামে চাল রাখা হয়েছে।’পরচক্রা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দীন বলেন, ‘আমার প্রতিষ্ঠানের নামে চাল বরাদ্দ হয়েছে কি না তা আমার জানা নেই।’ মাদ্রাসার সভাপতি বিদ্যানন্দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোজাফ্ফর হোসেন জানান, তাঁর প্রতিষ্ঠানের চাল হাসানপুরের একটি গুদামে রাখা হয়েছে। মাদ্রাসায় চাল রাখার জায়গা না থাকায় এটি করতে হয়েছে। গত ১৫ মার্চ চাল তোলা হয়েছে। এখনো কেন চাল আনা হয়নি জানতে চাইলে তিনি বলেন, ‘বিদ্যানন্দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামানের সঙ্গে কথা বলে চাল মাদ্রাসায় আনব।’ভান্ডারখোলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ আবু বক্কর জানান, তাঁদের মাদ্রাসার নামে বরাদ্দ দেওয়া চাল আওয়ামী লীগের নেতারা হাসানপুরের একটি গুদামে রেখেছেন। মাদ্রাসা কমিটির সভাপতি ইউনুস মাস্টার বলেন, ‘আওয়ামী লীগের নেতা শাহিদুজ্জামানের নির্দেশে আমি চাল হাসানপুরের একটি গুদামে রেখেছি।’বুড়িহাটি হাফিজিয়া এতিমখানার সভাপতি বিদ্যানন্দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ওলিউর রহমান মাস্টার বলেন, ‘আমি চাল তুলে হাসানপুরের শহিদুল ইসলামের গুদামে রেখেছি। ওখান থেকে এক-দুই বস্তা করে এনে এতিমদের খাওয়াচ্ছি।’ কিন্তু মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা শফিকুর ইসলাম জানান, এখানকার ২০-২২ জন ছাত্র গ্রামের বিভিন্ন লোকের বাড়িতে খায়। এখানে রান্নার কোনো জায়গাও নেই।প্রতাপপুর মধ্যপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক বিল্লাল হোসেন বলেন, ‘আমি চাল তোলার ফর্মে সই করেছি। তবে চাল কী হয়েছে বলতে পারব না। সবকিছু জানে মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রাকিবুল হাসান।’ কথা বলার জন্য তাঁর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।হাসানপুর বাজারের ব্যবসায়ী আনন্দ কুমার দাস জানান, তাঁর গুদামে দুটি প্রতিষ্ঠানের চাল রেখে গেছেন আওয়ামী লীগের নেতা শাহিদুজ্জামান। তিনি ওই চাল কেনেননি। এ বিষয়ে শাহিদুজ্জামান জানান, ওই চালের ব্যাপারে তিনি কিছু জানেন না। তিনি কাউকে চাল রাখতে বলেননি।পিআইও বিপুল কুমার মালাকার জানান, উপজেলার কয়েকজন সরকারি কর্মকর্তাকে এ চাল বিতরণের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে বিদ্যানন্দকাঠি ইউনিয়নের দায়িত্ব পাওয়া উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম ও মজিদপুর ইউনিয়নের দায়িত্ব পাওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সরকার মৌখিকভাবে উল্লিখিত চারটি প্রতিষ্ঠানে চাল না খাওয়ানোর বিষয়টি জানিয়েছেন।