কেশবপুরে কলেজ অধ্যক্ষকে পেটালেন আ.লীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে এক কলেজ অধ্যক্ষকে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে পিটিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতা ও তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ওই অধ্যক্ষ কেশবপুর থানায় মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।কেশবপুরের হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মশিয়ুর রহমান জানান, কলেজের কাজে গত সোমবার দুপুরে তিনি কেশবপুর সদরে যান। এ সময় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে থেকে যুবলীগের কর্মী মনছুর ও অলোক দাস তাঁকে ডেকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে যান। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেনসহ দলের কয়েকজন কর্মী সেখানে ছিলেন। মনোয়ার হোসেন অধ্যক্ষের কাছে জানতে চান, কলেজের সাবেক এক অধ্যক্ষ ও এক শিক্ষকের বকেয়া বিল কেন ছাড়া হচ্ছে না। এর জবাবে মশিয়ুর রহমান জানান, কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাঁদের বিল ছাড়তে নিষেধ করেছেন। এ কথা বলার পরপরই মনোয়ার তাঁকে চড়, ঘুষি ও লাথি মারতে শুরু করেন। অন্য কর্মীরাও লাঠি দিয়ে তাঁকে পেটাতে থাকেন। বিল না ছাড়লে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে তিনি সেখান থেকে দৌড়ে আত্মরক্ষা করেন। ওই ঘটনার পর ভয়ে দুই দিন তিনি আত্মগোপনে ছিলেন। পরে অধ্যক্ষ বিষয়টি কলেজ পরিচালনা কমিটির সভাপতিকে জানালে তিনি মামলা করার পরামর্শ দেন।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউর রহমান গতকাল বৃহস্পতিবার জানান, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেনসহ ছয়জনকে আসামি করে বুধবার রাতে মামলা করা হয়েছে। অলোক দাস নামের এক আসামিকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। মনোয়ার হোসেনের বাড়িতে বুধবার রাতে অভিযান চালানো হয়েছে কিন্তু তাঁকে পাওয়া যায়নি।এ ব্যাপারে মনোয়ার হোসেন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অধ্যক্ষ মশিয়ুর হুইপ সাহেবের সঙ্গে আমার এবং দলের সম্পর্ক খারাপ করে দিচ্ছেন।’ অধ্যক্ষকে মারধরের বিষয়ে তিনি বলেন, ‘দুই-এক চড়-থাপ্পড় দেওয়া হয়েছে কিন্তু এর কোনো সাক্ষী নেই।’