যশোরের কেশবপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গ্রামের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছে না। কেন্দ্রগুলোর চিকিৎসক (উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার) ও এফডব্লিউভি (ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর) মাঠকর্মীদের দায়িত্ব পালনে অবহেলা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত ২৬ ফেব্রুয়ারি ও ২৪ মার্চ সরেজমিনে কয়েকটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘুরে এ তথ্য জানা গেছে।এসব কেন্দ্রে সরকারিভাবে ডেলিভারি মাতৃত্বজনিত সব ধরনের রোগ ও প্রাথমিক চিকিৎসার জন্য উন্নতমানের ওষুধ সরবরাহ করা হয়ে থাকে। প্রতিটি কেন্দ্রে একজন করে এফডব্লিউভি ও একজন করে চিকিৎসক দেওয়া হয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বহির্বিভাগে রোগীর চিকিৎসা দেওয়ার কথা এবং বিকেল চারটা পর্যন্ত থাকা ও নির্ধারিত বাসস্থানে অবস্থান করা বাধ্যতামূলক। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে, সাতবাড়িয়া ও সাগরদাঁড়ি ছাড়া উপজেলার অন্য সাতটি কেন্দ্রের নির্ধারিত বাসস্থানে কেউ থাকেন না। আর বিকেল চারটার পরিবর্তে কেন্দ্রগুলো বেলা আড়াইটায় বন্ধ করে দেওয়া হয়।গত বৃহস্পতিবার মজিদপুর কেন্দ্রে গিয়ে রোগীদের ভিড় দেখা গেছে। এ সময় মাথা ও ঘাড়ে ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসা প্রতাপপুর গ্রামের নবীজান জানান, গত রোববার এসে তিনি চিকিৎসককে না পেয়ে ফিরে যান। এখানে কর্মরত চিকিৎসক কামরুজ্জামান বলেন, ‘আমি নিয়মিত কেন্দ্রে আসি। সেদিন হয়তো কোনো কাজে বাইরে গিয়েছিলাম।’ তবে তিনি নির্ধারিত বাসস্থানে থাকেন না বলে স্বীকার করেন। একই দিন মঙ্গলকোট কেন্দ্রের চিকিৎসক নূরুল ইসলাম বলেন, ‘কেন্দ্রে যে পরিমাণ ওষুধ সরবরাহ করা হয় তা দিয়ে সব রোগীর প্রয়োজনমতো ওষুধ দেওয়া যায় না। তিনি কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত থাকেন বলে স্বীকার করেন। গত ২৬ ফেব্রুয়ারি দুপুর একটায় সুফলাকাঠি কেন্দ্রে গিয়ে দরজা বন্ধ পাওয়া যায়। এ কেন্দ্রের চিকিৎসক নজরুল ইসলাম ও এফডব্লিউভি আন্না বিশ্বাস কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। নজরুল ইসলাম বলেন, ‘ওই দিন আমি বিশেষ কাজে বাইরে ছিলাম। দিনের বেলায় আমি সঠিকভাবে দায়িত্ব পালন করে থাকি। তবে বাসস্থানে বিদ্যুৎ ও পানির অভাবে থাকা হয় না।’কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশুস্বাস্থ্যবিষয়ক চিকিৎসা কর্মকর্তা আবদুল বারী বলেন, ‘কেন্দ্রগুলোর বাসস্থানে চিকিৎসকেরা থাকেন না, এ ধরনের অভিযোগ সম্পর্কে আমি অবগত। ইতিমধ্যে আমি অনেককে কারণ দর্শানোর নোটিশ করেছি। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’