যশোরের কেশবপুর উপজেলার বাউশলা গ্রামের এক কিশোরীর মুখে বখাটের ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়েছে। ওই কিশোরীর নানা গতকাল মঙ্গলবার কেশবপুর থানায় মামলাটি করেন।মামলায় বখাটে যুবক আতাউর রহমান ওরফে লাল্টুকে একমাত্র আসামি করা হয়েছে। আতাউর বাউশলা গ্রামের আফছার আলী সরদারের ছেলে। তবে ঘটনার দুই দিন পার হলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ নয় ইঞ্চি লম্বা একটি রক্তমাখা চাকু, আতাউর রহমানের স্যান্ডেল, তাঁর দাখিল ও এইচএসসি পরীক্ষার সনদের ফটোকপি উদ্ধার করেছে। তাঁকে গ্রেপ্তারে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন ওই কিশোরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার নানা। তিনি জানান, কিশোরীর জিভ দিয়ে রক্ত পড়া বন্ধ হয়েছে। তবে এখনো সে কথা বলতে পারছে না, কিছু খেতেও পারছে না।প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত রোববার রাত সাড়ে আটটার দিকে বখাটে আতাউর এ বছর এসএসসি পরীক্ষায় পাস করা ওই কিশোরীর মুখমণ্ডল ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করে। কিশোরীর জিভের বেশির ভাগই কেটে যায়।