কেশবপুরে কুকুরের কামড়ে দুই দিনে ১০ জন আহত
যশোরের কেশবপুর পৌর এলাকায় গত দুই দিনে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছে। পৌরসভায় জলাতঙ্ক ভ্যাকসিন না থাকায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছে।
জানা গেছে, কেশবপুর পৌর এলাকায় কয়েক দিন ধরে পাগলা কুকুরের উৎপাত বেড়ে গেছে। গত শনিবার ও গতকাল রোববার পৌরসভার বিভিন্ন এলাকায় ৮-১০ জন কুকুরের কামড়ে আহত হয়েছে। শহরের গাছতলা এলাকার প্রান্তিক অধিকারীর মেয়ে প্রেমা অধিকারী (১৩) গতকাল রোববার সকালে পুরোনো বাসস্ট্যান্ড মোড়ে কুকুরের কামড়ে আহত হয়। একই দিনে শহরের হাসপাতাল সড়কের উপজেলা মোড়ে আনন্দ অধিকারী নামে এক শ্রমিককে কুকুরে কামড়ায়।
সরকারি খাদ্যগুদাম এলাকার বাসিন্দা আনন্দ সাহাকে শনিবার সন্ধ্যায় কুকুরে কামড়ায়। একই দিনে শহরের হাসপাতাল সড়কের অসীত সেনের ছেলে প্রিতম সেন (১৮), ব্রহ্মকাঠি এলাকার সাদ্দাম হোসেন ও শ্রীগঞ্জ এলাকার গৌতম কর্মকারের স্ত্রীকে কুকুরে কামড়ায়।
কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদুল কবির বলেন, যেহেতু শিশু-কিশোরেরা বেশির ভাগ কুকুরের কামড়ের শিকার হচ্ছে, তাই ছেলেমেয়েরা বিদ্যালয়ে যেতে সাহস পাচ্ছে না। কুকুরের কামড়ে আহত আনন্দ অধিকারী জানান, তিনি ভ্যাকসিনের জন্য পৌরসভায় গিয়েছিলেন, কিন্তু সেখানে ভ্যাকসিন পাননি। পরে বাজার থেকে এক হাজার টাকা দিয়ে একটি ইনজেকশন কিনে দিয়েছেন।
কেশবপুর পৌরসভার মেয়র আবদুস সামাদ বিশ্বাস বলেন, ‘পৌরসভায় এক বছর ধরে ভ্যাকসিনের সরবরাহ নেই। তাই আমরা এই ভ্যাকসিন দিতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘পাগলা কুকুর মারার ব্যবস্থা নিয়েছি।’