কেশবপুরে ক্লিনিক দখল নিয়ে তুলকালাম
* পুলিশ-শ্রমিক পাল্টাপাল্টি ধাওয়া
*সাংবাদিকসহ আহত ২, আটক ২
যশোরের কেশবপুরে একটি ক্লিনিকের পাল্টাপাল্টি দখলকে কেন্দ্র করে গতকাল শুক্রবার এক সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়েছে। একপর্যায়ে ক্লিনিকের মালিকপক্ষের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় পুলিশের একজন সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা শহরের হাসপাতাল মোড়ের একটি ভবন ভাড়া নিয়ে ‘মডার্ন ক্লিনিক’ গড়ে তোলেন রবিউল ইসলাম। তিনি অ্যাম্বুলেন্সচালক শ্রমিক ইউনিয়নেরও সদস্য। ক্লিনিকের মালিকানার অংশীদার হতে চাওয়ায় ভবনমালিক মুজিবর রহমানের সঙ্গে রবিউলের বিরোধ চলে আসছিল।
রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, গত বছরের মে মাসে ৪ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা অগ্রিম দিয়ে এবং মাসিক ৩৫ হাজার টাকা ভাড়ায় ভবনটি ক্লিনিক করেন। মুজিবরকে ক্লিনিকের মালিকানার অংশীদার না করায় তিনি ভবন ছেড়ে দিতে বলেন। তিনি নতুন ভবন না পাওয়ায় ভবন ছাড়তে পারছিলেন না। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে মুজিবর মাস্তান ভিড়িয়ে ক্লিনিকে ভাঙচুর করেন। তখন রোগীদের ভবন থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন তাঁরা। কিন্তু গত বৃহস্পতিবার সকালে অস্ত্রের মুখে রোগীদের নামিয়ে দিয়ে ক্লিনিকে তালা মেরে দেওয়া হয়।
তবে ভবন ভাড়ার জন্য কোনো অগ্রিম টাকা নেননি বলে দাবি করেন মুজিবর। তিনি বলেন, ‘রবিউল আমাকে ক্লিনিকের মালিকানার অংশীদার না দেওয়ায় তাঁকে ভবন ছেড়ে দিতে বলি। কিন্তু তিনি টালবাহানা শুরু করেন। আমি বুধবার রোগীদের চলে যেতে বলি। চলে গেলে বৃহস্পতিবার ভবনে তালা ঝুলিয়ে দিই।’
কেশবপুর শ্রমিক ইউনিয়নের সদস্যরা গতকাল শুক্রবার সকালে রবিউলের পক্ষ নিয়ে ওই তালা ভাঙতে আসেন। জনকণ্ঠর কেশবপুর প্রতিনিধি কবির হোসেন নিজের মুঠোফোনে এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন। এ সময় তাঁকে বেদম মারপিট করেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ
শ্রমিকেরা অভিযোগ করেন, পাল্টাপাল্টি ধাওয়ার সময় তাঁদের লাঠিপেটা করে পুলিশ। প্রতিবাদে তাঁরা বেলা ১১টায় ট্রাক ভিড়িয়ে কেশবপুর টার্মিনালের কাছে যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে তিন শতাধিক যানবাহন আটকা পড়ে। তিন ঘণ্টা পর বেলা দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমঝোতার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিক কবির বুকে ও পিঠে আঘাত পেয়েছেন। এ ছাড়া তাঁর প্যান্ট-জামা ছিঁড়ে গেছে। তাঁকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কবিরকে মারধরের প্রতিবাদে গতকাল দুপুরে কেশবপুর শহরে মিছিল বের করেন স্থানীয় সাংবাদিকেরা। মিছিল শেষে ত্রিমোহিনী মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেশবপুর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কোনো পক্ষই মামলা করেনি। ওসি আরও বলেন, সংঘর্ষের সময় পুলিশ সদস্য আবদুর রহমান আহত হয়েছেন। সংঘর্ষে জড়িত সন্দেহে আবদুল মজিদ ও পলাশকে আটক করা হয়েছে। তাঁরা রবিউলের লোক। বাড়ি উপজেলার ভোগতী গ্রামে।