কেশবপুরে ক্ষত্রিয় পাড়ায় দুর্বৃত্তদের আগুন, হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর-মূলগ্রাম পাকা সড়কের ধারে ক্ষত্রিয়পাড়ার চারটি ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার সন্ধ্যার পরপর এ পাড়া দিয়ে যাওয়ার সময় জামায়াত-শিবিরের একটি মিছিল থেকে এসব ঘরে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা।
সূত্র জানায়, ক্ষত্রিয়পাড়ায় ৮০টি নিম্নবর্ণের পরিবার বাস করে। অধিকাংশ পরিবারের সংসার চলে দিনমজুরি করে। রোববার সন্ধ্যায় জামায়াত-শিবিরের একটি মিছিল মূলগ্রাম থেকে নতুন মূলগ্রাম বাজারে যায়। ফিরে আসার পথে মিছিল থেকে নেতা-কর্মীরা বিক্ষিপ্তভাবে অগ্নিসংযোগ করতে থাকেন। এ সময় তাঁরা বিমল সরকারের মাছের খামার পাহারার টংঘর, সন্তোষের শ্যালো মেশিনের টংঘর, কুমারেশ মণ্ডলের জ্বালানি রাখার ঘর এবং কালিদাসের টংঘরে আগুন দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এ সময় জামায়াত-শিবিরের নামে স্লোগান দেন। এতে লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন।
এলাকার বাসিন্দা অপর্ণা মণ্ডল বলেন, ‘মিছিল থেকে বলতে থাকে, আজই সবাইকে শেষ করে দেওয়া হবে।’ কুমারেশ মণ্ডল বলেন, ‘পাশের পাড়ার উঠতি যুবকেরা আমাদের বলে গেছে, যারা ভোট দিতি যাবে, তাগের আমরা চিনে রাখব।’ নাম প্রকাশ না করার শর্তে এক স্কুলশিক্ষক বলেন, ‘আমাদের ওপর যখন-তখন হামলা হতে পারে। অবরোধ-হরতালের সময় ভয়ে বাড়ি থেকে বের হতে পারি না।’
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।