কেশবপুরে খাল দখল করে মাছ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে মঙ্গলকোট বাজারের বুড়িভদ্রা নদীর শাখা শ্যারের খাল দখল করে মাছ চাষ করা হচ্ছে। এতে স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে খালটি পানিশূন্য হয়ে পড়েছে। খাল দিয়ে পানিনিষ্কাশন না হওয়ায় এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার মঙ্গলকোট বাজারের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে বুড়িভদ্রা নদী। এর একটি শাখা শ্যারের খাল মঙ্গলকোট বাজারকে বিভক্ত করেছে। খালের ওপর একটি সেতু রয়েছে, যা দিয়ে লোকজন বাজারে যাতায়াত করেন। খালটি দক্ষিণে বাদুড়িয়া পর্যন্ত চার কিলোমিটার বিস্তৃত।

গত শনিবার সরেজমিনে দেখা যায়, বুড়িভদ্রা নদী থেকে শুরু হওয়া শ্যারের খালের উৎসমুখে আড়াআড়ি বাঁধ দিয়ে মঙ্গলকোট বাজার সেতু পর্যন্ত খালের ৬০০ ফুট এলাকায় মাছ চাষ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি এ মাছ চাষ করছেন। গত বছর বন্যার সময় খাল থেকে পানি উপচে গ্রামে ঢুকে পড়ায় এলাকাবাসী বাজার সেতুর নিচে বাঁধ দেন। শহিদুল অপর প্রান্তে বাঁধ দিয়ে প্রায় এক বছর ধরে মাছ চাষ করছেন।

স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, শহিদুল খালের পাড়ের জায়গা দখল করে বসতঘর নির্মাণ করছেন। ইটের পাকা গাঁথুনির ওপর টিনের চাল দিয়েছেন। বসতবাড়ির পেছনে সবজি চাষ করছেন। আবার সেতু ঘেঁষে খালের জায়গায় তিনি সবজির দোকান দিয়েছেন। এ ছাড়া সেতু থেকে দক্ষিণে প্রায় ৪০০ ফুটের মতো শ্যারের খালে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ চাষ করছেন নজরুল ইসলামসহ আরও কয়েকজন। সেখানে রুই, কাতলা, মৃগেলসহ জাপানি পুঁটি, কার্প মাছের পোনা ছাড়া হয়েছে। খাল দিয়ে পানিনিষ্কাশন না হলে রামকৃষ্ণপুর, বাদুড়িয়া ও মঙ্গলকোটের কিছু অংশ জলাবদ্ধতার কবলে পড়বে।

খালপারের বাসিন্দা গৃহবধূ জাহিদা বেগম বলেন, খাল সরকারি সম্পত্তি। এই খালের ওপরের জমির মালিক সিরাজুল ইসলাম খালের প্রায় পাঁচ ফুট জায়গা দখল করে মাটি ফেলেছেন। এভাবে খালটির দুই পাশের জমির মালিকেরা দখল করে নিয়েছেন।

বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বলেন, খাল দখল করে মাছের চাষ করা অন্যায়। খাল অবমুক্ত করে পানির স্বাভাবিক গতিপ্রবাহ বজায় রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

খালে মাছ চাষ করার কথা স্বীকার করে শহিদুল ইসলাম বলেন, গত বছর বর্ষা মৌসুমে আশপাশের গ্রামে খাল দিয়ে পানি ঢুকে পড়ার কারণে বাজারের সেতুর কাছে এলাকাবাসী বাঁধ দিয়েছিলেন। খালের উৎসমুখে তিনি বাঁধ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমি মাছের চাষ করেছি সত্যি। প্রশাসন নির্দেশ দিলে আমি খালের জমি ছেড়ে দেব। প্রশাসন বললে দোকানও ভেঙে ফেলব। খালের পাশে এক বিঘা জমি কিনেছি। সেখানে বসতঘর নির্মাণ করেছি।’

খাল দখল করে মাছ চাষ করার বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘আমি ভুল করেছি। খালের বাঁধ ভেঙে দেব।’

ইউএনওর দায়িত্বে থাকা কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. কবীর হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।