কেশবপুরে খালের অবৈধ স্লুইসগেট ও বাঁধ উচ্ছেদ
যশোরের কেশবপুর উপজেলার একটি খালে অবৈধভাবে দেওয়া একটি স্লুইসগেট ও একটি বেড়িবাঁধ গতকাল বুধবার অপসারণ করেছে উপজেলা প্রশাসন। এ স্লুইসগেট ও বেড়িবাঁধের মাধ্যমে খালের ভেতরে মাছের ঘের বানিয়েছিলেন স্থানীয় এক ব্যক্তি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বগা বিলের মহাদেবপুর সংযোগ খালের এক হাজার বিঘা জমি দখল করে মাছের ঘের করেন মিনার হোসেন নামের এক ব্যক্তি। তিনি খালের একদিকে স্লুইসগেট ও অন্যদিকে বেড়িবাঁধ তৈরি করেছিলেন। এতে খাল থেকে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। সম্প্রতি বৃষ্টির পর ওই স্লুইসগেট ও বেড়িবাঁধ এলাকায় জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়ায়। আশপাশের অন্তত ১০টি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে এসব গ্রামের বাসিন্দারা সম্প্রতি কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাইফুর রহমানের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ওই অভিযোগের ভিত্তিতে ইউএনও বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. কবীর হোসেনকে দায়িত্ব দেন। কবীর হোসেন গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্লুইসগেটটি উচ্ছেদ করেন। একই সঙ্গে খালের খাসজমি দখল করে গড়ে তোলা বেড়িবাঁধটিও উচ্ছেদ করেন তিনি। এতে এলাকার পানি নিষ্কাশনে আর কোনো প্রতিবন্ধকতা রইল না।
কবির হোসেন প্রথম আলোকে বলেন, মিনার হোসেন অবৈধভাবে খালটি দখল করেছিলেন। এতে এলাকার প্রায় ১০টি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছিল। স্লুইসগেট ও বেড়িবাঁধ উচ্ছেদ করায় এখন আর এলাকাবাসীকে ভোগান্তিতে পড়তে হবে না।