কেশবপুরে গণপিটুনিতে ডাকাত নিহত
যশোরের কেশবপুর উপজেলার ত্রাস আজিজ বাহিনীর প্রধান আবদুল আজিজ খাঁ (৪৮) গণপিটুনিতে নিহত হয়েছেন। উপজেলার সাতবাড়িয়া গ্রামে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে তিনি গত শনিবার রাতে গণপিটুনিতে নিহত হন। তাঁর বিরুদ্ধে কেশবপুর থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাতবাড়িয়া গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে শনিবার দিবাগত রাত একটার দিকে আজিজসহ একদল ডাকাত হানা দেয়। এ সময় সাইফুল চিৎকার দিলে ডাকাতেরা দ্রুত পালাতে থাকে। সাইফুল তাদের পিছু নেন। এ সময় ডাকাতদের কোপে সাইফুল আহত হন। তারপর গ্রামবাসী এসে আজিজকে ধরে গণপিটুনি দেয়। এতে তাঁর মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, আবদুল আজিজের বিরুদ্ধে দুটি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে। তাঁর কর্মকাণ্ডে এলাকাবাসী ভীত ছিল। ১৯৯৯ সালে সাধারণ ক্ষমার আওতায় একটি কাটারাইফেল, পিস্তল, বন্দুকসহ ১১টি অস্ত্র নিয়ে তিনি আত্মসমর্পণ করেছিলেন। ১২ বছর জেল খেটে সম্প্রতি বের হয়ে তিনি পুনরায় ডাকাতি শুরু করেন।