কেশবপুরে চার বাড়িতে ডাকাতি, দুজন গ্রেপ্তার
যশোরের কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামে গত সোমবার রাতে চারটি বসতবাড়িতে ডাকাতি হয়েছে। এসব বাড়ি থেকে ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। একই রাতে যশোর-সাতক্ষীরা সড়কের বুজতলা এলাকায় ডাকাতির সময় স্থানীয় জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সশস্ত্র ডাকাত দল ওই গ্রামের নিত্য দাস, বিনয় দাস, মিন্টু দাস ও দেবেন্দ্র দাসের বাড়িতে হানা দেয়। তারা সেখান থেকে টাকা, স্বর্ণালংকারসহ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ সময় গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে ডাকাতেরা একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। একই রাতে কেশবপুর-সাতক্ষীরা সড়কের বুজতলা এলাকায় সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতেরা যানবাহনে ডাকাতির চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন বলেন, ডাকাতির অভিযোগে এলাকাবাসী কালিগঞ্জ উপজেলার রঘুরামপুর গ্রামের বিজয় সরকারের ছেলে বিদ্যুৎ সরকারকে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কেশবপুরের কড়িয়াখালি গ্রামে অভিযান চালিয়ে রফিক নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।