কেশবপুরে ছাত্রলীগের কর্মীরা আটটি দোকান গুঁড়িয়ে দিলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের নির্মাণাধীন কার্যালয়ের সামনের মনিহারি, মিষ্টি ও চায়ের দোকানসহ আটটি দোকান গত রোববার গভীর রাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের অভিযোগ, তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে রাতের আঁধারে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এ ভাঙচুর ও লুটপাট চালান। এতে তাঁদের অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় দোকানমালিকেরা গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ জুন শহরের ভূমি অফিসের সামনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় করার জন্য ওই বিরোধপূর্ণ জমির ৩ শতাংশ কেনা হয়। একই সঙ্গে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার তাঁর স্বামী নাহিদ হাসানের নামে ৫ দশমিক ২৫ শতাংশ জমি কেনেন। নাহিদ হাসান ও আওয়ামী লীগের নির্মাণাধীন কার্যালয়ের সামনের অংশে ওই আটটি দোকান ছিল।শহরের ভূমি কার্যালয়ের সামনের বাসিন্দা খালেদা বানু প্রথম আলোকে বলেন, ‘পৈতৃক সূত্রে পাওয়া আমাদের আট ভাইবোনের সম্পত্তির একটি অংশ ভুয়া দলিলের মাধ্যমে বেদখল করে সেখানে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের চেষ্টা চলছে।’খালেদা বানুর ভাই মহাসিন খান বলেন, ‘ওই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। ওই জমির ওপর আদালতের স্থগিতাদেশ রয়েছে। ১৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এ কারণে তাড়াহুড়া করে আমাদের দোকানের ভাড়াটেদের উচ্ছেদ করা হয়েছে।’দোকানমালিক মফিজ ও আলমগীর অভিযোগ করে বলেন, ‘আমরা ১৫-২০ বছর ধরে এখানে দোকানদারি করছি। এ জন্য মহাসিন খানকে নিয়মিত ঘরভাড়া দিয়ে আসছি। পূর্ব নোটিশ না দিয়ে গত রোববার গভীর রাতে নাহিদ হাসানের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল দুর্বৃত্ত আমাদের ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ও লুটপাট চালিয়েছে।’এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা চেয়ারম্যান এইস এম আমির হোসেন জানান, পূর্ব ঘোষণা না দিয়ে দোকানগুলো উচ্ছেদ করাটা অন্যায় হয়েছে। এ ঘটনা অমানবিক।ভুয়া দলিল দেখিয়ে জমি বেদখলের চেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন জানান, সব ধরনের নিয়মনীতি মেনে ওই জমি কেনা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্মাণাধীন কার্যালয়ের সামনের ব্যবসাপ্রতিষ্ঠান কারা উচ্ছেদ করেছে, তা আমার জানা নেই। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জড়িত নন।’এ বিষয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার ও তাঁর স্বামী নাহিদ হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।