কেশবপুরে ছয় ডাকাত আটক
যশোরের কেশবপুরে উপজেলার সাগরদাঁড়ি বাজারে গত সোমবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণ ছয়জন ডাকাতকে আটক করেছে। তাদের কাছ থেকে একটি বোমা ও একটি দা উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে একদল সশস্ত্র ডাকাত সাগরদাঁড়ি বাজারের প্রহরারত ১১ জন ব্যবসায়ীর মধ্যে ১০ জনকে একটি চায়ের দোকানে আটকে ফেলে। এ সময় বাজারের বিভিন্ন দোকানে ডাকাতির প্রস্তুতিকালে ব্যবসায়ী রণজিৎ দাস দুজন ডাকাতকে দেখে ফেলেন। তিনি মুঠোফোনে বিষয়টি এলাকাবাসীকে জানান এবং ডাকাতি হচ্ছে বলে মসজিদের মাইকে প্রচার করান। খবর পেয়ে এলাকাবাসী একত্রিত হয়ে বাজার ঘিরে ফেলে। এ সময় ডাকাতেরা পালানোর চেষ্টাকালে সাতটি বোমার বিস্ফোরণ ঘটায়। কিন্তু জনতা ছয় ডাকাতকে ধরে বেদম পিটুনি দিয়ে বাজারের একটি দোকানে আটকে রাখে। আটক ডাকাতেরা হচ্ছে কামরুল ইসলাম, আবদুল জলিল, ফজলুর রহমান, মোহামঞ্চদ মনির উদ্দীন, কামাল শেখ ও হাবিবুর রহমান। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন জানান, ডাকাতদের কাছ থেকে একটি বোমা, একটি দা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।