কেশবপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২০
যশোরের কেশবপুরে গত শুক্রবার জমি নিয়ে বিরোধের জের ধরে একজন খুন হয়েছেন। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। এ ব্যাপারে কেশবপুর থানায় মামলা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঝিকরা গ্রামের মফিজুল ইসলামের সঙ্গে নূর ইসলামের চার শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল।ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুজিবর রহমান খান বলেন, গত শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই জমির দখল নিতে নূর ইসলামের নেতৃত্বে আবদুল আহাদ মাস্টার, শাহিন খাঁ, আলিম, আমিন, লোকমান, মিজানুর মাস্টার লাঠি, শাবল, দা ও হাতুড়ি দিয়ে জমির পাট উপড়ে ফেলেন। এ সময় মফিজুল ইসলাম তাঁর লোকজন নিয়ে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে মফিজুল ইসলামসহ রাজ্জাক, জুলফিকার, আমিনুর, কামরুজ্জামান, মোখলেসুর রহমান, তহমিনা, আকিলিমা, হেকমত আহত হন। এ ছাড়া নূর ইসলাম, নজরুল ইসলাম, মশিয়ার রহমান ও হাসিনা বেগম আহত হন। তাঁদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মফিজুল ইসলামের অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়।কেশবপুর থানার সহকারী উপপরিদর্শক অজিয়ার রহমান জানান, এ মামলায় মশিয়ার রহমান, আমির আলি, হাসিনা বেগম ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।