
‘পানি উঠে গিইলো। তারপরও ভিটা ছাড়িনি। কিন্তু ভূমিকম্পে আমার ঘর পড়ে গেছে। এহন আমি কনে যাব?’ গতকাল বৃহস্পতিবার এভাবেই বিলাপ করছিলেন গৃহবধূ মিনা বেগম (৩৫)।
যশোরের কেশবপুর পৌরসভার ভোগতী নরেন্দ্রপুর এলাকার এই বাসিন্দা ১৫ দিন ধরে পানিবন্দী। এরপরও পরিবার-পরিজন নিয়ে কোনোক্রমে টিকে ছিলেন। কিন্তু গত বুধবারের ভূমিকম্প তাঁদের মাথা গোঁজার আশ্রয়টুকু গুঁড়িয়ে দিয়ে গেছে। স্বামী থাকেন ঢাকায়। এখন দুই সন্তানকে নিয়ে কোথায় যাবেন, সেই চিন্তায় দিশেহারা মিনা।
মিনার মতো অবস্থা কেশবপুর পৌরসভার ভোগতী নরেন্দ্রপুর ও হাবাসপোল এলাকার অন্তত ৭০টি পরিবারের। সাম্প্রতিক জলাবদ্ধতার সময় এলাকার অন্তত ৪০টি পরিবার এবং বুধবারের ভূমিকম্পে আরও অন্তত ৩০টি পরিবার গৃহহীন হয়েছে।
গতকাল সরেজমিনে ভোগতী নরেন্দ্রপুর ও হাবাসপোল এলাকা ঘুরে দেখা গেছে, দরিদ্র পরিবারগুলো ভেঙে পড়া ঘরের ওপরেই শেষ সম্বল নিয়ে বসবাস করছে। এলাকার কয়েকজন জানান, কেশবপুর শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে হলেও এ এলাকার বেশির ভাগ মানুষ অভাবী। গত ১৫ দিন আগে এলাকায় ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি উঠে যায় ঘরের আঙিনা পর্যন্ত। এতে অনেকের মাটির ঘর ধসে পড়ে। বুধবার ভূমিকম্পের সময় আরও অনেকের বাড়ি ধসে পড়ে। এখন অসহায় অবস্থায় দিন কাটছে এসব পরিবারের।
ভোগতী নরেন্দ্রপুর এলাকার নাসিমা বেগম, শাহানাজ পারভিন, রাবেয়া বেগম, হাসিনা বেগমসহ অন্তত ২০ জনের ঘর ভূমিকম্পের সময় ধসে পড়ে। নাসিমা বেগম বলেন, ‘ভূমিকম্পের সময় ধপাস শব্দ করে আমার মাটির ঘরটির দেয়ালগুলো ধসে পড়ে। এ সময় পাড়ার মুরব্বিরা দোয়া পড়তে শুরু করেন।’ হাসিনা বেগম বলেন, ‘আমরা খোলা আকাশের নিচে পানিবন্দী হয়ে আছি। কিন্তু কোনো জনপ্রতিনিধি আমাদের খোঁজ নেয়নি।’
হাবাসপোল এলাকার মাজেদা বেগম, আমজাদ হোসেনসহ অন্তত ১০ জনের মাটির ঘর ভূমিকম্পে ধসে পড়েছে। মাজেদা বেগম বলেন, ‘স্বামী অসুস্থ। তাঁকে নিয়ে পানির মধ্যেই বসবাস করছি।’ স্থানীয় বাসিন্দারা বলছেন, এ দুই এলাকার অন্তত দেড় শ পরিবার এখনো পানিবন্দী। তাদের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি।
কেশবপুরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার প্রথম আলোকে বলেন, কেশবপুর পৌরসভাসহ ১১টি ইউনিয়ন জলাবদ্ধ হয়ে পড়েছে। মোট ৮০ হাজার মানুষ এখন পানিবন্দী। ২২টি আশ্রয়কেন্দ্রে ৭ হাজার ৬২২ জন আশ্রয় নিয়েছে।
ইউএনও শরীফ রায়হান কবির বলেন, পানিবন্দী মানুষজনের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। পরে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।
সহমর্মিতা জানিয়ে মানবপ্রাচীর: কেশবপুরে জলাবদ্ধতার কারণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা বন্ধ করে গতকাল বৃহস্পতিবার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে মানবপ্রাচীর করা হয়। বেলা ১১টার দিকে কেশবপুরের সর্বজনীন কালীমন্দিরে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে জন্মাষ্টমী অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ভক্তরা দুপুর ১২টার দিকে কেশবপুর ত্রিমোহিনী মোড় চত্বরে জলাবদ্ধ মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে মানবপ্রাচীর তৈরি করেন।
পূজা উদ্যাপন পরিষদে সাধারণ সম্পাদক সুকুমার সাহা বলেন, কেশবপুরে জলাবদ্ধতার কথা চিন্তা করে জন্মাষ্টমী অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। এ অনুষ্ঠানের টাকা জলাবদ্ধ মানুষের সাহায্যার্থে ব্যয় করা হবে।