কেশবপুরে ডাকাতের ছোড়া বোমায় ইউপি সদস্য আহত
যশোরের কেশবপুরে গত বুধবার রাতে কেশবপুর-সরসকাটী সড়কের দোরমুঠিয়া নামক স্থানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের বোমার আঘাতে এলাকার ইউপি সদস্য কামাল হোসেন আহত হয়েছেন।একই রাতে বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী গ্রাম থেকে পুলিশ কামাল প্যাদা (৩০) ও কামাল মাতুব্বর (৩২) নামের আন্তজেলা ডাকাত দলের দুই সরদারকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী ও কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ১০-১৫ জন ডাকাত দোরমুটিয়া এলাকায় ইট দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি ট্রাক, দুটি পিকআপ ও পাঁচটি নছিমন থামিয়ে লুটপাট করে। ডাকাতেরা তাদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন ও টাকাসহ সর্বস্ব লুটে নেয়। খবর পেয়ে এলাকার শতাধিক লোক প্রতিরোধ করতে এগিয়ে গেলে ডাকাতেরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বোমার আঘাতে দোরমুটিয়া গ্রামের ইউপি সদস্য কামাল হোসেন আহত হন। তাঁকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আমতলী থানার ওসি মিজানুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতিকালে বুধবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে কামাল প্যাদা ও কামাল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।