কেশবপুরে তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের ঘোষপাড়ায় গত বুধবার মধ্যরাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার, মুঠোফোন ও ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে ১৫-২০ জনের একদল মুখোশধারী ডাকাত ঘোষপাড়ার বিষ্ণুপদ ঘোষ, তাঁর ভাই দেবুপদ ঘোষ ও নন্দপদ ঘোষের বাড়িতে হানা দেয়। এর মধ্যে নন্দপদ ঘোষের বাড়ির বারান্দায় গ্রিল থাকার কারণে চেষ্টা করেও ডাকাতেরা বাড়ির ভেতরে ঢুকতে পারেনি। তবে অপর দুই বাড়িতে ঢুকে লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, চারটি মুঠোফোন ও টাকা-পয়সা নিয়ে গেছে।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ দিলে মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।’