মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের কেশবপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁদের কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
যশোরের সহকারী পুলিশ সুপার বেল্লাল হোসেনের নেতৃত্বে একটি দল গত মঙ্গলবার রাতে কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে। এঁরা হলেন উপজেলার ভালুকঘর গ্রামের ইউনুস আলীর ছেলে আকরাম হোসেন, চিংড়া গ্রামের ফয়েজ উদ্দীন মোড়লের ছেলে ওজিয়ার মোড়ল এবং নেহালপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে বিল্লাল হোসেন।
সহকারী পুলিশ সুপার বেল্লাল হোসেন জানান, ট্রাইবুনাল-১-এর জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। ভোররাতেই তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল এই তিনজনকে ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হলে ট্রাইব্যুনাল তাঁদের কারাগারে পাঠান।
রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে মঙ্গলবার কেশবপুরের ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১। এই ১১ জন হলেন ইব্রাহিম হোসেন, বিল্লাল হোসেন, শেখ মজিবুর রহমান, আবদুল আজিজ সরদার, আজিম সরদার, কাজী ওহায়দুল ইসলাম, লুৎফর মোড়ল, আবদুল খালেক মোড়ল, আকরাম হোসেন, ওজিয়ার মোড়ল এবং মশিয়ার রহমান।
রাষ্ট্রপক্ষ জানায়, এই ১১ জন কেশবপুরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনের সহযোগী ছিলেন। তিনিও কারাগারে আটক আছেন। ১৭ মে তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।