কেশবপুরে নদী ভাঙনে পাঁচটি বাড়ি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরের গৌরীঘোনা গ্রামের একটি বাড়ি বুড়িভদ্রা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
যশোরের কেশবপুরের গৌরীঘোনা গ্রামের একটি বাড়ি বুড়িভদ্রা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা গ্রামের সরকারপাড়ার পাঁচটি বাড়ি বুড়িভদ্রা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে পড়েছে আরও পাঁচটি বাড়ি।
এলাকাবাসী জানান, উপজেলার শেষ প্রান্তের গ্রাম গৌরীঘোনা। বুড়িভদ্রা নদীর কূল ঘেঁষে সরকারপাড়ার বাসিন্দারা বসবাস করছেন। গৌরীঘোনা বাজারের শেষ প্রান্ত থেকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ হয়ে প্রায় তিন কিলোমিটার অংশের শেষ প্রান্তে সরকারপাড়ায় বুড়িভদ্রা নদীর ভাঙনে এখানকার ১৫টি পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, সরকারপাড়ার পাঁচ পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যেকোনো সময় আরও পাঁচটি বাড়ি বিলীন হয়ে যেতে পারে।
সুফলাকাটী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার বাসিন্দা তাপস সরকার জানান, পাড়ার সন্তোষ সরকার, শ্রীকৃষ্ণ সরকার, সঞ্জয় সরকার, স্বদেশ মল্লিক ও বিদেশ মল্লিকের বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এর আগে রবিন দাস ও বীরেন দাসের বাড়ি নদীগর্ভে বিলীন হয়।
শ্রীকৃষ্ণ সরকারের স্ত্রী কণিকা সরকার বলেন, ‘থাকার কোনো জায়গা না থাকায় আমরা ভাঙনস্থলের পাশেই এখনো ঝুঁকি নিয়ে বসবাস করছি। আর ছেলেমেয়েরা অন্যের বাড়িতে ঘুমায়।’
পাউবো যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মশিয়ার রহমান বলেন, ‘কেশবপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাকে নদীভাঙনের বিষয়ে বলেছেন। তাৎক্ষণিকভাবে আমাদের করার কিছুই নেই। আমি ওই এলাকায় গিয়ে দেখে একটি প্রকল্প করে পাঠাব।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, ‘আমি দু-এক দিনের মধ্যে এলাকায় গিয়ে কিছু করার ব্যবস্থা নেব।’