কেশবপুরে নারী দিবসে ব্যতিক্রম আয়োজন
সকালেই উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা হাজির। তবে উপজেলা সদরে নয়; প্রত্যন্ত গ্রাম বিদ্যানন্দকাটিতে। এ গ্রামে অবস্থিত ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনের মাঠে ততক্ষণে মানুষের ভিড়। নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এরপর ছিল আলোচনা সভা, উপজেলার কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা। সবচেয়ে আকর্ষণীয় ছিল ছাত্রীদের অংশগ্রহণে হকি খেলা।
এমন ব্যতিক্রমী এক আয়োজনে গতকাল বুধবার যশোরের কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেশবপুরের সাংসদ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির। বক্তব্য দেন উপজেলার নারী ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ইউপি সদস্য জুলিয়া খাতুন, সফল উদ্যোক্তা অঞ্জু রাণী সরকার, উন্নয়নকর্মী বিলকিস আরা ও মনিরা খানম।
আলোচনা সভা শেষে বেগম সুফিয়া কামাল একাদশ এবং বেগম রোকেয়া একাদশ নামের দুটি দলের মধ্যে হকি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণকারীদের সবাই ছিল ছাত্রী। তারা ইউনিয়নের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। খেলায় বেগম রোকেয়া একাদশ ১-০ গোলে জিতেছে।
পরে খেলায় অংশগ্রহণকারী উপজেলার পাঁচজন ছাত্রীকে অনুষ্ঠানমঞ্চে সংবর্ধনা দেওয়া হয়। তারা কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ এবং গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। এই পাঁচজনই জাতীয় পর্যায়ে কুস্তি ও দৌড়ে স্বর্ণ ও রৌপ্যপদক পেয়েছে।
কেশবপুরের ইউএনও শরীফ রায়হান কবির বলেন, উপজেলা প্রশাসন বিভিন্ন জাতীয় দিবসের কর্মসূচি উপজেলা সদরে পালন করে থােক। এবার তাঁরা ভিন্ন কিছু করার চিন্তা করেন। সেই চিন্তা থেকেই প্রত্যন্ত গ্রাম বিদ্যানন্দকাটিতে নারী দিবসের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে গ্রামের নারীরা দেখলেন, সমাজে নারীদের অনেক অবদান আছে।