কেশবপুরে নালা কাটায় পানের বরজ নষ্ট
যশোরের কেশবপুর উপজেলার কাশিমপুর গ্রামে পানি নিষ্কাশনের নালা কেটে দেওয়ায় দুই ভাইয়ের এক বিঘা জমির পানের বরজ নষ্ট হয়ে গেছে৷ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইএনও) সিদ্ধান্তের কারণে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন৷ এ জন্য ইউএনওর বিরুদ্ধে আদালতে মামলা করার হুমকি দিয়েছেন তাঁরা৷
দুই ভাই গতকাল বুধবার কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কথা জানান৷ দুই ভাই হলেন কাশিমপুর সড়কের মাঝের পাড়ায় মো. সেলিম ও আবদুর রহিম৷ এর মধ্যে সেলিম খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুণ্ডিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক৷
সংবাদ সম্মেলনে বলা হয়, বুড়ুলি-কাশিমপুর সড়কের মাঝের পাড়ায় এক বিঘা জমিতে তিন বছর ধরে দুই ভাই পানের বরজ করেছেন৷ জমির পশ্চিম পাশের শুরুতে একটি কালভার্ট দিয়ে পানি নিষ্কাশিত হতো৷ এতে তাঁদের বরজের মধ্যে পানি ঢুকে যাওয়ায় তাঁরা জমির পূর্ব পাশ দিয়ে নিজেদের খরচে কালভার্ট তৈরির প্রস্তাব দেন৷ কিন্তু অপর পাশের জমির মালিক মোশারফ হোসেন বাধা দেন৷ মোশারফ দীর্ঘদিন ধরে যে স্থান দিয়ে পানি নিষ্কাশিত হতো, সেখান দিয়ে পানি সরাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউএনওর কাছে আবেদন করেন৷ এদিকে আগের পথ মাটি দিয়ে বন্ধ করে দেওয়ায় গত সপ্তাহের কয়েক দিনের বৃষ্টিতে মোশারফের জমিতে পানি উঠে সবজি নষ্ট হয়ে যায়৷ ইউএনও ঘটনাস্থলে গিয়ে পানি নিষ্কাশনের জন্য সেলিম ও রহিমের জমির পাশ দিয়ে এবং বুড়ুলি-কাশিমপুর ইটের রাস্তার পাশ দিয়ে নালা কেটে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত দেন৷ সেই মোতাবেক গৌরীঘোনা ইউপির চেয়ারম্যান আলী রেজা ও ইউপির সদস্য নূর মোহাম্মদ কর্মসৃজনের শ্রমিক দিয়ে গত রোববার নালা কেটে পানি নিষ্কাশন করে দেন৷ ওই দিন রাতের বৃষ্টিতে নালার মাটি ধসে তাঁদের (সেলিম ও রহিম) পানের বরজে মাটি ও পানি ঢুকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে৷
রহিম সংবাদ সম্মেলনে বলেন, ‘আবেদনের পর উপজেলা প্রকৌশল কার্যালয়ের সার্ভেয়ার তাঁদের জমির পূর্ব পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য মত দিয়েছিলেন৷ কিন্তু ইউএনও ওই মতামতের কোনো মূল্যায়ন না করেই আমাদের জমির পাশ দিয়ে গভীর নালা কেটে দেওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হলাম৷ গভীর নালার কারণে বুড়ুলি-কাশিমপুর রাস্তাটিও ধ্বসে পড়ার আশঙ্কা আছে৷’
নালা কাটার ব্যাপারে আলী রেজা বলেন, ‘আগে যেখান দিয়ে পানি নিষ্কাশিত হতো সেখান দিয়েই নালা কাটা হয়েছে৷ ভবিষ্যতে তহবিল এলে ওই রাস্তার পাশে পাকা নালা নির্মাণ করে দেব, তাহলে পানের বরজের মধ্যে পানি ঢুকে কোনো ক্ষতি হবে না৷’
ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, ‘পানি নিষ্কাশনের তাৎক্ষণিক সিদ্ধান্তে রাস্তার পাশ দিয়ে নালা কাটার সিদ্ধান্ত দিই৷ কেউ ক্ষতিগ্রস্ত হবে, এটা আমার উদ্দেশ্য নয়৷ ওখানে গ্রাম্য দলাদলি আছে৷’