কেশবপুরে নির্বাচনোত্তর সহিংসতা চলছেই
যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় কয়েক দিনে শতাধিক লোক আহত হয়েছেন। নির্বাচন কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালানোর ঘটনাও ঘটেছে।উপজেলার সুফলাকাঠি ইউনিয়নের কলাগাছী বাজারের সংঘর্ষের ঘটনায় তিন হাজার লোককে আসামি করায় গ্রেপ্তার-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ইউনিয়নে হুমকির কারণে অনেকে ঘর থেকে বের হতে পারছে না। কেউ কেউ তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। সহিংসতার আশঙ্কায় কলাগাছী বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ১১ জুন কেশবপুর উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন হয়। নির্বাচনের পর থেকে বিভিন্ন এলাকায় বিজয়ী ও পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ১১ জুন রাতে সংঘর্ষে উপজেলার বিভিন্ন স্থানে অর্ধশতাধিক লোক আহত হয়। গত সোমবার সুফলাকাঠি ইউনিয়নের কলাগাছী বাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই বাজারের বাসিন্দা সুবোল পাল বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মনজুর রহমানকে ভোট দেন। এ কারণে পরাজিত প্রার্থী আবদুস সামাদ মাস্টারের সমর্থকেরা তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেছেন। একই সময়ে তাঁরা কুমোদ রঞ্জন কুণ্ডুর ওপরও হামলা চালান। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৬০ জন আহত হয়। পরিস্থিতি শান্ত করতে গিয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউর রহমানসহ তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় আবদুস সামাদ ১৫ জুন মনজুর রহমানসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় অজ্ঞাত তিন হাজার মানুষকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বুধবার রাতে মনজুর-সমর্থক আসাদুজ্জামান ও নূরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। মনজুর রহমান বলেন, ‘আমার ইউনিয়নের মানুষ গ্রেপ্তার-আতঙ্কে আছে।’ পরাজিত প্রার্থী আবদুস সামাদ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ অস্বীকার করেন। গৌরীঘোনা ইউনিয়নে সোম ও মঙ্গলবার ভেরচী গ্রামের হরিপদ আঁশ, গৌর আঁশ ও গীতা দাসকে মারধর করা হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যান আলী রেজা আভিযোগ করেন, পরাজিত প্রার্থী হাবিবুর রহমানের লোকজন এ হামলা চালাচ্ছে। হাবিবুর রহমান বলেন, সংখ্যালঘুদের ওপর কিছু হামলার ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটেছে। তবে তাঁর কর্মীরাই যে এসব হামলার সঙ্গে জড়িত, তা সত্য নয়। সাগরদাঁড়ি ইউনিয়নের আনিছুর রহমান ও নূর আলী পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোস্তফিজুল ইসলামের সমর্থক। এ কারণে নির্বাচিত চেয়ারম্যান শাহাদত হোসেনের সমর্থকেরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। শাহাদত হোসেন বলেন, ‘আমি এলাকার বাইরে আছি, ফিরে এসে ব্যবস্থা নেব।’কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউর রহমান জানান, এখন পরিস্থিতি আমাদের অনুকূলে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ রেজাউন নবী বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতা মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।