যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে গত বুধবার রাতে বাড়ির কাছে সুব্রত কুণ্ডু (৩২) নামের এক পল্লি চিকিৎসককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
একই রাতে মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামে পুলিশের গুলিতে মিজানুর রহমান (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। তাঁর কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক (ওয়ান শুটার গান) উদ্ধারের দাবি করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে সুব্রত মির্জানগর বউবাজার থেকে শ্রীরামপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে নয়টার দিকে গ্রামের একটি বাড়ির পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পিঠে গুলি করে হত্যা করে। ওই সময় তাঁর কাছে বাইসাইকেল, মুঠোফোন ও টাকা থাকলেও কিছুই খোয়া যায়নি।
নিহত সুব্রত শ্রীরামপুর গ্রামের কার্তিক চন্দ্র কুণ্ডুর ছেলে। সুব্রতর স্ত্রী ও ১০ মাস বয়সী একটি ছেলে রয়েছে।
সুব্রতর কাকা পরেশ চন্দ্র কুণ্ডু জানান, সুব্রতর সঙ্গে কারও শত্রুতা ছিল না। কেন তাঁকে খুন করা হলো, তা বুঝতে পারছেন না।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন বলেন, সুব্রতকে হত্যাকাণ্ডের কারণ এখনই বোঝা যাচ্ছে না। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষে সৎকারের পরে থানায় মামলা করা হবে।
মনিরামপুর থানার পুলিশের ভাষ্যমতে, বুধবার সন্ধ্যার দিকে উপজেলার সুন্দরপুর গ্রামের ইটভাটাসংলগ্ন এলাকা থেকে মিজানুরকে আটক করা হয়। থানায় নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র থাকার কথা স্বীকার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, মিজানুর এলাকার চিহ্নিত ডাকাত। তিনি খুন, ডাকাতিসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। রাত নয়টার দিকে তাঁকে নিয়ে সুন্দরপুর গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর বাঁ পায়ে গুলি করা হয়। পরে তাঁকে পুলিশি পাহারায় যশোর শহরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।