যশোরের কেশবপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহে বৈষম্যমূলক নীতি অবলম্বন করার অভিযোগে বিক্ষুব্ধ গ্রাহকেরা স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর এবং সেখানে কর্মরত সহকারী প্রকৌশলী আশিকুল ইসলামকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টার দিকে ভোগতী এলাকার গ্রাহকেরা জোটবদ্ধ হয়ে পল্লী বিদ্যুতের স্থানীয় কার্যালয়ে আসেন। তাঁরা পৌর এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও শহর এলাকায় যেভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়, সে তুলনায় তাঁদের কেন কম বিদ্যুৎ সরবরাহ করা হয় তা জানতে চান। কর্মকর্তা ও কর্মচারীরা সদুত্তর দিতে না পারায় তাঁরা কয়েকটি চেয়ার ভাঙচুর করেন। সেখানকার সহকারী প্রকৌশলী আশিকুল ইসলাম তাঁদের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করলে তাঁরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মারেন। এতে আশিকুলের চোখের নিচে কেটে যায়।বিদ্যুৎগ্রাহক আবদুল করিম ও শাহীনুর রহমান অভিযোগ করেন, তাঁরা শহরের পার্শ্ববর্তী হলেও পৌরসভাভুক্ত এলাকার বাসিন্দা। পৌরসভার আওতাধীন এলাকা হওয়া সত্ত্বেও তাঁরা বিদ্যুৎ বৈষম্যের শিকার। শহর এলাকায় দিন-রাত মিলিয়ে দুই-তিন ঘণ্টা লোডশেডিং হলেও তাঁদের এলাকায় ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এর প্রতিবাদ করতে গেলে আশিকুল ইসলাম তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে বলেন, ‘এখন যা বিদ্যুৎ পাচ্ছেন পরে একেবারেই পাবেন না।’ তাঁরা দাবি করেন, আশিকুলকে তাঁরা মারধর করেননি। তাঁর সঙ্গে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে।আশিকুল ইসলাম অভিযোগ করেন, গ্রাহকদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেননি। তাঁরা বিনা উসকানিতে কার্যালয়ে ভাঙচুর এবং তাঁকে মারধর করেন।পল্লী বিদ্যুতের কেশবপুর কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আলতাফ হোসেন শহর এবং শহরের পার্শ্ববর্তী এলাকায় বৈষম্যমূলক বিদ্যুৎ সরবরাহের কথা স্বীকার করেন। তিনি বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তাঁরা শহরের তুলনায় শহরের পার্শ্ববর্তী এলাকায় কম বিদ্যুৎ সরবরাহ করতে বাধ্য হচ্ছেন। কেশবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহির উদ্দিন ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এতে কোনো মামলা হয়নি।