কেশবপুরে পল্লী বিদ্যুতের ছয়জনকে পেটাল গ্রামবাসী
যশোরের কেশবপুরে গতকাল সোমবার বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতির ছয়জন কর্মী গ্রামবাসীর পিটুনিতে আহত হয়েছেন। লাঠির আঘাতে তাঁদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে। বিদ্যুতের বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এ ঘটনা ঘটেছে।
লাঠির আঘাতে গুরুতর আহত ব্যক্তি হলেন শেখ মিখাইল হোসেন (৪২)। তিনি ম্যাসেঞ্জার (বিল বিতরণকারী) হিসেবে কর্মরত। তাঁকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা বলেন, উপজেলার বাউশলা গ্রামে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ২১ জন গ্রাহকের পাঁচ মাস পর্যন্ত বিদ্যুতের বিল বকেয়া আছে। সমিতির কেশবপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মীরা গতকাল সকালে ওই গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করেন। বেলা সাড়ে তিনটার দিকে ফিরে আসার সময় তাঁদের ওপর উত্তেজিত লোকজন হামলা করে। লাঠির আঘাতে মিখাইল হোসেনের মাথা ফেটে যায়।
আহত অন্যরা হলেন গাড়িচালক শেখ বিপুল হোসেন, ম্যাসেঞ্জার কাজী মহব্বত, মসলেম উদ্দীন ও খায়রুল ইসলাম এবং লাইনম্যান রমজান আলী। পরে পল্লী বিদ্যুতের গাড়ি গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে আনে।
আহত কর্মীদের অভিযোগ, তাঁদের ওপর এই হামলায় নেতৃত্ব দেন বাউশলা গ্রামের ফারুক হোসেন। হামলায় অংশ নেয় অন্তত ৫০ থেকে ৬০ জন।
পল্লী বিদ্যুতের কেশবপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তাঁরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
অভিযোগের বিষয়ে ফারুক হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ভাই স্থানীয় বিদ্যানন্দকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, পল্লী বিদ্যুতের কর্মীরা গ্রামের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করেন। প্রতিবাদ করলে তাঁরা কয়েকজনকে গলাধাক্কা দেন। এতে করে গ্রামবাসী উত্তেজিত হয়। তিনি বলেন, ‘অপরাধ করলে আমার ভাইয়ের বিচার হোক। কিন্তু এলাকায় বিদ্যুতের সংযোগ বন্ধ করে রাখা হয়েছে।’
তবে পল্লী বিদ্যুতের কেশবপুর আঞ্চলিক কার্যালয়ের এজিএম ফুয়াদ হাসান বলেন, স্বাভাবিক লোডশেডিংয়ের বাইরে কোথাও বিদ্যুৎ বন্ধ রাখা হয়নি। আর বাউশলা গ্রামে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীরা কারও গায়ে হাত দেননি।