কেশবপুরে পানিনিষ্কাশনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে জলাবদ্ধ পানি দ্রুত নিষ্কাশনের দাবিতে পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করা হয়েছে।

পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির স্মারকলিপিতে বলা হয়, গত ২০ থেকে ২৩ জুলাই পর্যন্ত চার দিনের বৃষ্টিতে কেশবপুরের ১৬১ বর্গকিলোমিটার এলাকা ৪ থেকে ৫ ফুট পানিতে তলিয়ে গেছে। কেশবপুর পৌরসভাসহ ৭টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবনপ্রবাহ থমকে গেছে।

 গত বছরের ভয়াবহ জলাবদ্ধতার পর কেশবপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া হরিহর নদ খনন না করে ৪৯ লাখ টাকা খননের নামে ওয়াপদা এবং গুটিকয়েক রাজনৈতিক নেতা লুটপাট করেন। ফলে এ বছরও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত বছরের ১৬ মার্চ যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ে পানিসম্পদমন্ত্রীর উপস্থিতিতে হওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন না হওয়ায় আবারও কেশবপুরবাসীকে জলাবদ্ধতায় পড়তে হলো। সেই সভায় হরিহর নদে দুটি খননযন্ত্র কাজে লাগানোর সিদ্ধান্ত হয়। ওয়াপদার খামখেয়ালি ও উদাসীনতার কারণে হরিহর নদে প্রবাহ না থাকায় জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে উপজেলাবাসী।

পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির দাবি, সরকারি নির্দেশনা উপেক্ষা করে পানি উন্নয়ন বোর্ডসহ যারা সময়মতো নদ সংস্কার না করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। এই মুহূর্তে কাশিমপুর, আপারভদ্রা নদী ও জিরো পয়েন্ট (তিন নদীর মোহনা) থেকে কেশবপুর পর্যন্ত দ্রুত পলিনিষ্কাশন করতে হবে। জিরো পয়েন্ট থেকে কেশবপুরের বায়সা সেতু পর্যন্ত বুড়িভদ্রা নদীর পলি অপসারণ করতে হবে। সব বিলের অপরিকল্পিত ঘের ও বেড়িবাঁধ উচ্ছেদ করতে হবে। আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাদ্য, নিরাপত্তা, পয়োনিষ্কাশনের ব্যবস্থা ও চিকিৎসা দিতে হবে। পানি নেমে যাওয়ার পরপরই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

পানিনিষ্কাশন সংগ্রাম কমিটি এই দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে কেশবপুরের ইউএনও এস এম সাইফুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়। স্মারকলিপি প্রদানের পর কেশবপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কয়ক শ নারী-পুরুষ অংশ নেয়। এ সময় বক্তব্য দেন পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী, সিপিবির নেতা মফিজুর রহমান, ওয়ার্কার্স পার্টির নেতা শওকত হোসেন ও দলিত পরিষদের সভাপতি অসীম দাস।