কেশবপুরে প্রশ্নপত্র ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অর্ধবার্ষিক পরীক্ষার দশম শ্রেণির রসায়ন বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ওই পরীক্ষা বাতিল করেছে। এ ঘটনায় প্রতিষ্ঠান ও প্রশাসনের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি করা হয়েছে।
শিক্ষক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্ধবার্ষিক পরীক্ষা উপলক্ষে কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নিজেরাই প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নিচ্ছে। গত বুধবার সকাল নয়টা থেকে ছিল দশম শ্রেণির রসায়ন বিষয়ের পরীক্ষা৷
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, পরীক্ষা শুরুর পরই তিনি হাতে লেখা একটি প্রশ্ন পান। পরে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ওয়াজেদ আলীকে ডেকে মূল প্রশ্নপত্রের সঙ্গে মিল খুঁজে পান৷
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ এ জন্য প্রশ্ন তৈরির সঙ্গে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক দিলরুবা খানমকে কারণ দর্শাতে বলা হয়েছে৷ ঘটনা তদন্তের জন্য সহকারী প্রধান শিক্ষককে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে৷
তবে শিক্ষক দিলরুবা খানম বলেন, ‘ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের কোনো মিল নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’