কেশবপুরে বন্ধুসভার ব্যতিক্রমী উদ্যোগ
জাতীয় পতাকা অর্ধনমিত মানে কী, এ ধারণা সবার নেই বললেই চলে, অনেকে দণ্ডের মাঝামাঝি স্থানে পতাকা বাঁধেন। আবার অনেকে দুই-তিন হাত নিচে বাঁধেন। মহান একুশে ফেব্রুয়ারি প্রথম আলো বন্ধুসভা কেশবপুর শাখার উদ্যোগে বিভিন্ন সরকারি কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে এ ব্যাপারে সঠিক ধারণা দেওয়া হয় এবং সঠিক নিয়মে পতাকা বেঁধে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার সকালে বন্ধুসভার উদ্যোগে প্রভাতফেরি করে শহরের পাবলিক ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর এক মিনিট নীরবতা পালন করে বন্ধুসভার সদস্যরা কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবিরের কাছ থেকে পতাকার মাপ এবং অর্ধনমিত করার নিয়ম সম্পর্কে শুনে নেন। এরপর এ সম্পর্কে জানাতে তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে যান।
প্রথমে তাঁরা উপজেলা পরিষদের জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে পতাকা নামিয়ে আবার সঠিক নিয়মে তুলে দেন। এরপর তাঁরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে মানুষকে সচেতন করেন। এভাবে তাঁরা ৪৯টি প্রতিষ্ঠানের পতাকা সঠিক নিয়মে বেঁধে দেন এবং সঠিক পদ্ধতি, পতাকা সোজা দণ্ডে বাঁধাসহ এর মাপ সম্পর্কে অবহিত করেন।
কেশবপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, ‘আমরা অনেকেই জাতীয় পতাকা অর্ধনমিত করার নিয়ম জানি না। পতাকার সম্মানহানি যেন না হয়, সেদিকে নজর রাখা উচিত।’ তিনি বন্ধুসভার বন্ধুদের এ উদ্যোগের সাধুবাদ জানান। মুদি-দোকানি সাইফুল স্টোরের স্বত্বাধিকারী তরিকুল ইসলাম বলেন, ‘আমি আগে জানতাম না কীভাবে পতাকা অর্ধনমিত করতে হয়। এটা জানলাম বন্ধুসভার মাধ্যমে।’ রেবেকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহিদ হাসান বলেন, ‘এখন থেকে পতাকা সঠিকভাবে উত্তোলন করব।’
এ কাজে অংশ নেন কেশবপুর বন্ধুসভার সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ রিফাত, সহসভাপতি মনিরুজ্জামান, জাহিদ হাসান, রিপন ঘোষ, ইব্রাহীম, আফ্রিদি, ও রিমা খাতুন।
ইউএনও বলেন, বন্ধুসভার সদস্যরা পতাকা উত্তোলনের সঠিক নিয়ম সম্পর্কে বিভিন্ন প্রতিষ্ঠানকে জানিয়েছেন। এই উদ্যোগ অনুকরণীয়।